প্রথম রানের দেখা পেতে নাজমুল হোসেন শান্ত খরচ করেন ৯ বল। তার ব্যাটিং আশাহত করলেও লিটন দাস ও সাকিব আল হাসান বাংলাদেশকে নিয়ে গেছেন ভালো অবস্থানে। জোড়া ফিফটিতে ত্রিদেশীয় টি-টুয়েন্টি সিরিজে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ১৭৩ রানের লড়াকু সংগ্রহ পেয়েছে বাংলাদেশ।
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে টস জিতে ব্যাটিং নেয়া বাংলাদেশের হয়ে ওপেনিংয়ে শান্তর সঙ্গী হন সৌম্য সরকার।
দলীয় ৭ রানে ফেরেন সৌম্য। ৪ বলে ৪ রান আসে তার ব্যাটে। ১৫ বলে ১২ রান করেন শান্ত। তিনে নামা লিটন একপ্রান্ত থেকে মেরে রানরেট ঠিক রাখেন। পরে সাকিবকে ২২ গজে পেয়ে চালান আগ্রাসন।
অধিনায়কও করতে থাকেন মারকুটে ব্যাটিং। তাদের মাঝে গড়ে ওঠা ৫৫ বলে ৮৮ রানের জুটিতে ভর করেই বাংলাদেশ পায় বড় সংগ্রহ। লিটন ৪২ বলে ৬৯ ও সাকিব ৪২ বলে ৬৮ রান করে আউট হন। তাদের নান্দনিক ফিফটিতে দল পেয়েছে একটি ম্যাচ জিতে বিশ্বকাপে যাওয়ার সুযোগ।
নাসিম শাহ ও মোহাম্মদ ওয়াসিম নিয়েছেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন মোহাম্মদ নেওয়াজ।







