সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে ভারতের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাংলাদেশ। পেসার হাসান মাহমুদের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। ভারতীয় একাদশে এসেছে দুটি পরিবর্তন।
ফুটবল বিশ্বকাপের নকআউট পর্বের উত্তেজনার মাঝেও ভারতের বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে সিরিজ নিয়ে উন্মাদনা তুঙ্গে। প্রথম ম্যাচে অবিশ্বাস্য জয়ের পর টাইগারদের খেলা দেখার আগ্রহ বেড়ে গেছে।
বাংলাদেশ দল ভারতকে ওয়ানডে সিরিজে হারিয়েছে একবার। ২০১৫ সালে দেশের মাঠে সবশেষ সিরিজেই সেটি। ফল হয়েছিল ২-১। ৭ বছরের ব্যবধানে এবারও তিন ম্যাচের সিরিজ।
বাংলাদেশ প্রথম ম্যাচে জিতে এগিয়ে গেছে। তৃতীয় ও শেষ ম্যাচ ১০ ডিসেম্বর চট্টগ্রামে। বন্দরনগরীতে যাওয়ার আগেই সিরিজ জয়ের আশায় টিম টাইগার্স।
চোটের কারণে প্রথম ওয়ানডে খেলতে না পারা তাসকিন আহমেদ মঙ্গলবার অনুশীলনে বোলিং করলেও একাদশে ফেরা হয়নি তার। হেড কোচ রাসেল ডমিঙ্গো সংবাদ সম্মেলনে আগেই জানিয়েছিলেন সামনে টেস্ট সিরিজ থাকায় তাসকিনকে ঝুঁকিতে ফেলতে চান না টিম ম্যানেজমেন্ট।
সমতায় ফিরে সিরিজ জিততে আত্মবিশ্বাসী ভারতও। সফরকারী দলের ওপেনার শেখর ধাওয়ান বলে গেলেন, ‘অতীতেও আমরা প্রথম ম্যাচ হেরে সিরিজ জিতেছি। এটা আমাদের জন্য নতুন কিছু নয়। আমরা আত্মবিশ্বাসী সিরিজে ফিরতে। মনোবল আমরা একটুও হারাইনি।’







