মালয়েশিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে বড় জয় দিয়ে শুরু করল বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল। আব্দুল্লাহ এবং আহরার আমিনের বিধ্বংসী ব্যাটিংয়ে বড় পুঁজি গড়ে স্বাগতিকরা। জবাবে শেখ পাভেজ জীবনের বোলিং তাণ্ডবের মুখে পড়ে অতিথিরা, ১৫৩ রানে জিতে যায় বাংলাদেশ।
ঢাকার বসুন্ধরা স্পোর্টিং কমপ্লেক্সের মাঠে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন স্বাগতিক অধিনায়ক কালাম সিদ্দিকী আলীন। ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯০ রান সংগ্রহ করেন আব্দুল্লাহ-আহরাররা। জবাবে নেমে ৪০.৫ ওভারে ১৩৭ রানে গুটিয়ে যায় মালয়েশিয়া।
আগে নেমে সুবিধা করতে পারেননি বাংলাদেশ দুই ওপেনার। জাওয়াদ আবরার ৫ এবং ইকবাল হোসেন রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন। সালাম করেন ৩৪ রান। সর্বোচ্চ রান আসে আব্দুল্লাহর ব্যাটে, ১০০ বলে ৭ চার এবং ৪ ছয়ে ৯৪ করেন তিনি। আহরার ৬১ এবং শেখ পাভেজ জীবন ৩৫ রান করেন।
মালয়েশিয়ার হয়ে আরিফ উল্লাহ ৪টি, বিজয় উন্নি ২টি উইকেট নেন। সাইফ উল্লাহ মালিক ও মুহাম্মদ আমির ১টি করে উইকেট নেন।
জবাবে নেমে মালয়েশিয়া ওপেনার সাইফের ব্যাট থেকে আসে ২১ রান। আহমেদ জুবায়েদ করেন ৪২, সাঈদ জুনায়েদ ২১ এবং বিজয় ১২ রান করেন।
বাংলাদেশের হয়ে পাভেজ জীবন ৭.৫ ওভারে ১৬ রান খরচায় ১ মেডেনে ৫ উইকেট তুলে নেন। মারুফ মৃধা, স্বাধীন ইসলাম ২টি করে এবং মাহফুজুর রাব্বি ১টি উইকেট নেন।








