একাধিক নতুন মুখ নিয়ে মেয়েদের সাফে হ্যাটট্রিক শিরোপা জয়ের লক্ষ্যে বুধবার দল ঘোষণা করেছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। তরুণদের নিয়ে গড়া সেই দল নিয়ে অনুশীলন ক্যাম্পের জন্য থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয়েছে বাংলাদেশ দল। বৃহস্পতিবার দুপুরে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা হয় আফঈদা খন্দকার-রিতুপর্ণা চাকমারা।
বাংলাদেশ দল থাইল্যান্ডে থাকবে আগামী ২১ মে পর্যন্ত। ২২ মে ভারতের গোয়ার উদ্দেশ্যে রওনা করবে আসরের বর্তমান চ্যাম্পিয়নরা। ২৫ মে থেকে শুরু হবে এবারের সাফ মিশন। থাইল্যান্ডে অনুশীলন ক্যাম্পের সময় ১০ ও ১৭ মে দুটি প্রীতি ম্যাচ খেলবে পিটার জেমস বাটলারের শিষ্যরা।
এবারের সাফের আসরে মোট ছয়টি দল প্রতিযোগিতা করবে। এগুলো হলো- বাংলাদেশ, ভারত, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা এবং ভুটান। বাংলাদেশ খেলবে ‘বি’ গ্রুপে, তাদের অন্য প্রতিপক্ষরা হল- স্বাগতিক ভারত ও দ্বীপদেশ মালদ্বীপ।
বাংলাদেশ তাদের প্রথম ম্যাচ খেলবে মালদ্বীপের বিপক্ষে। ২৮ মে’র ওই ম্যাচের পর স্বাগতিক ভারতের বিপক্ষে লড়বে ৩১ মে। গ্রুপ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দুই দল লড়বে সেমিফাইনালে। আগামী ৬ জুন ফাইনাল অনুষ্ঠিত হবে।








