মেয়েদের রাইজিং স্টারস এশিয়া কাপে টানা দ্বিতীয় জয় পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে লাল-সবুজের প্রতিনিধিরা হারিয়েছে স্বাগতিক থাইল্যান্ডকে। জয়ে শ্রীলঙ্কাকে সরিয়ে ‘বি’ গ্রুপে টেবিলে শীর্ষে উঠেছে ফাহিমা খাতুনের দল। ম্যাচসেরার পুরস্কার জিতেছেন ফারজানা ইয়াসমিন। গ্রুপের শেষ ম্যাচে মালয়েশিয়ার মেয়েদের সাথে খেলবে বাংলাদেশ।
ব্যাংককের টারডথাই ক্রিকেট গ্রাউন্ডে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় থাইল্যান্ড। বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১০৩ রান তোলে স্বাগতিকরা। জবাবে এক বল হাতে রেখে ৩ উইকেটের জয় তোলে বাংলাদেশ।
বাংলাদেশের বোলারদের তোপে থাইল্যান্ডের চার ব্যাটার কেবল দুঅঙ্ক ছুঁতে পারেন। সর্বোচ্চ ৩৪ রান করেন নান্নাপাত কনচারোয়েনকাই। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ রান করেন নাত্থাকান চ্যানথাই। ১৭ রান করেন ওন্নিচা ক্যামচমপু এবং পান্নিথা মায়া ১২ রান করেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন ফাহিমা খাতুন ও শরিফা খাতুন। একটি করে উইকেট নেন ফারিহা তৃষ্ণা, সানজিদা আক্তার মেঘলা ও জান্নাতুল ফেরদৌস।
বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করেন লতা মন্ডল। দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান আসে শামিমা সুলতানার থেকে। ২৩ রান করেন ফারজানা ইয়াসমিন। শেষে ২ ও ১ রানে অপরাজিত থেকে ম্যাচ শেষ করেন শরিফা খাতুন ও জান্নাতুল ফেরদৌস।
থাইল্যান্ডের থিপাচা পুথাওং সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। ২টি উইকেট নেন পান্নিথা মায়া।








