সেঞ্চুরির আশা জাগছিল মিটমিট করে, উইকেটের পেছনে সহজ ক্যাচ দিয়ে সেটা করলেন পণ্ড! ৭১ বলে ৭৬ রানে থেমেছে এনামুল হক বিজয়ের দারুণ ইনিংসটা। পরে এনগারাভার বল ব্যাটের কানায় লেগে স্টাম্পে আঘাত হানার আগে ৫৬ স্ট্রাইকরেটে ৬৯ বলে ৩৯ রান করে ফিরেছেন মাহমুদউল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডের সিরিজের শেষটিতে হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে তাতে সুবিধা করে উঠতে পারছে না বাংলাদেশ।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত তামিম ইকবালের দলের সংগ্রহ ৫ উইকেটে ১৮৯ রান। ৪১তম ওভারের খেলা চলমান। ৩৯ রানে ক্রিজে আছেন আফিফ হোসেন। অন্যপ্রান্তে ৪ রানে ইনিংস মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছেন মেহেদী মিরাজ।
সকালে তামিম ও বিজয় উদ্বোধনী জুটিতে তুলে ফেলেছিলেন ৪১ রান। সেখান থেকে আর ৬ রান যোগ হতেই সাজঘরে ফিরে যান টপঅর্ডারের তিন ব্যাটার। নিজেদের ৪০০তম ওয়ানডেতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু থেকেই নড়বড়ে অবস্থানে থাকে তামিমের দল।
এনগারাভার করা নবম ওভারের তৃতীয় বলে অফসাইডে বল ঠেলে রান নিতে গিয়েছিলেন বিজয়। অপর প্রান্তের তামিমও অনেকটা পথ দৌড়ে ফেলেন। বল তখন মাধেভেরের হাতে। মাঝপথে থেমে বিজয় আর দৌড়াননি। তামিম ফেরার চেষ্টায় ততক্ষণে অনেক দেরি করে ফেলেছেন। রান আউট হন তামিম। ৩০ বলে ৩ চারে করে যান ১৯ রান।
পরের ওভারে ব্র্যাড ইভান্সের অফ স্টাম্পের বাইরে করা শর্ট বল কাট করেন শান্ত। পয়েন্টে থাকা মাধভেরের হাতে বল জমা পড়ে। শূন্য রানে শান্ত ক্রিজ ছাড়েন। দুই বল পর উইকেট বিলিয়ে আসেন রানের খাতা খুলতে না পারা মুশফিক। ইভান্সের শর্ট বলে করেছিলেন আপার কাট, দৌড়ে দারুণ ক্যাচ নেন এনগারাভা।







