দারুণ জয় দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু করেছিল বাংলাদেশের ময়েরা। দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় পড়ে নিগার সুলতানা জ্যোতির দল, সে ম্যাচে ফল তুলে সমতায় ফেরে লঙ্কানরা। সিরিজ নির্ধারণী তৃতীয় ও ম্যাচে ব্যাটিংয়ে বেশ ভালভাবে ঘুরে দাঁড়ায় টিম টাইগ্রেস। তবে বোলিংয়ে সুবিধা করতে না পারায় ২১ বল হাতে রেখে ৭ উইকেটে জিতে সিরিজে নিজেদের করে নেয় শ্রীলঙ্কার মেয়েরা।
রাজশাহীর শহীদ কামারুজ্জামান স্টেডিয়ামে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন জ্যোতি। ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২১৩ রান সংগ্রহ করে। লক্ষ্যতাড়ায় নেমে ৪৬.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৪ রানে পৌঁছায় চামারি আতাপাত্তুর দল। শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মধ্যকার লড়াইয়ে এখন পর্যন্ত দুই দলের ব্যাটিং থেকে আসা এটাই সর্বোচ্চ রানের ম্যাচ। দুই দল মিলে ৪২৭ রান সংগ্রহ করেছে।
ব্যাটিংয়ে নেমে ফারজানা হক ১১, শারমিন সুলতানা ১৭, শারমিন আক্তার সুপ্তা ২৫, জ্যোতি ৪০, ঋতু মনি ২০ এবং সোবহানা মোস্তারি ৮ চারে ৮০ বলে ৭৪ রান করেন।
শ্রীলঙ্কার কাভিশা দিলহারি সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন। নিমাশা মেপেজ ২টি এবং মালকি মাদারা, আতাপাত্তু ১টি করে উইকেট নেন।
জবাবে নেমে ওপেনার হাসিনি পেরেরা ১৩১ বলে ৯৫ রান করেন। আতাপাত্তুর ১০, ইমেশা দুলানি ৫৬ এবং হর্ষিতা সামারাবিক্রমা অপরাজিত ৪৪ রান করেন।
বাংলাদেশের মারুফা আক্তার ২টি এবং মোস্তারি ১টি উইকেট নেন।


