এক সময় সীমিত সংস্করণে শ্রীলঙ্কার অধিনায়ক ছিলেন দাসুন শানাকা। সঙ্গে তিন সংস্করণের নিয়মিত সদস্যও ছিলেন লঙ্কান এই অলরাউন্ডার। মাঝে অধিনায়কত্ব হারানোর সঙ্গে দলেও জায়গা হারিয়েছেন। সেই শানাকা এবার এক বছর পর টি-টুয়েন্টি দলে ডাক পেয়েছেন।
সোমবার শ্রীলঙ্কা ক্রিকেটের (এসএলসি) দেয়া ১৬ সদস্যের দলে জায়গা শানাকাসহ আরেক অলরাউন্ডার ও চামিকা করুণারত্নে। দলে জায়গা পাননি তারকা ব্যাটার ভানুকা রাজাপাকসে ও পেসার মাথিশা পাথিরানা। এছাড়াও দলে নেই সম্প্রতি টেস্ট থেকে অবসর নিয়ে সীমিত সংস্করণে নামার আশা করা অ্যাঞ্জেলো ম্যাথুজ।
১০ জুলাই পাল্লেকেলেতে টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-শ্রীলঙ্কা। ১৩ ও ১৬ জুলাই হবে সিরিজের বাকি দুই ম্যাচ। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭টায় হবে সবগুলো ম্যাচ।
শ্রীলঙ্কার টি-টুয়েন্টি দল: চারিথ আশালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, দিনেশ চান্দিমাল, কুশল পেরেরা, কামিন্দু মেন্ডিস, আভিস্কা ফের্নান্দো, দাসুন শানাকা, দুনিথ ওয়েল্লাগে, ভানিডু হাসারাঙ্গা, মাহেশ থিকসেনা, জেফরি ভান্ডার্সে, চামিকা করুনারত্নে, নুয়ান তুশারা, বিনুরা ফের্নান্দো ও ঈশান মালিঙ্গা।







