ক্রিকেট

অনুশীলন ম্যাচ থেকে মূল প্রস্তুতি নেবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেটার অনুশীলনে ব্যস্ত, প্রস্তুতি নিচ্ছেন ম্যাচের জন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের একজন খেলোয়াড় অনুশীলন করছেন, পরিধান করেছেন দলের জার্সি।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে বাংলাদেশ দল এখন দুবাইতে। ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে নামার আগে হাতে সময় আছে চারদিন। এসময়ের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে লাল-সবুজের দল। সেই ম্যাচ থেকে মূল প্রস্তুতি সারতে চায় টাইগাররা, জানিয়েছেন পেসার তানজিম হাসান সাকিব।

শনিবার অনুশীলন করেছে বাংলাদেশ দল। ঘাম ঝরানোর পর সাকিব জানিয়েছেন, ‘আমরা রাতের ফ্লাইটে দুবাই আসার পরদিন বিশ্রাম নিয়েছি। আমাদের রিকভারি খুব ভালো হয়েছে এবং অনুশীলন করার পর শরীর আরও ভালো লাগছে। অনুশীলন ম্যাচ থেকে আমরা আসল ম্যাচের প্রস্তুতিটা নিয়ে নিবো। উইকেট সম্পর্কে যতটুকু তথ্য নেয়া যায়, কোন বলে এখানে বেশি কাজ করবে, কোন বল ব্যাটসম্যানকে ভোগাবে, এ বিষয়গুলো আমরা বোঝার চেষ্টা করব অনুশীলন ম্যাচ থেকে।’

‘আমাদের প্রথম অনুশীলন সেশন খুব ভালো গেছে। প্রথমে আমরা জিম করেছি, তারপর নেট অনুশীলন সেশনও খুব ভালো হয়েছে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব বিভাগে অনুশীলন করেছি। খুব ভালো অনুভব হচ্ছে আমাদের, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কেমন অনুভব করছি। সবমিলিয়ে আমাদের ভালো একটা দিন গেছে।’

আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে গড়াবে ‘হাইব্রিড’ মডেলের টুর্নামেন্টটি। ৯ মার্চ শিরোপা নির্ধারণী ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামবে আসরের। র‍্যাঙ্কিংয়ের শীর্ষ আট দলের লড়াইয়ে দুই গ্রুপে ভাগ হয়ে খেলা। ‘এ’ গ্রুপে স্বাগতিক পাকিস্তানের সঙ্গে আছে ভারত, বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। ‘বি’ গ্রুপে আছে সাউথ আফ্রিকা, ইংল্যান্ড, আফগানিস্তান ও অস্ট্রেলিয়া। শুক্রবার দুবাইতে গেছে টাইগার দল। সোমবার পাকিস্তান ‘এ’ দল বা শাহিনসের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলার কথা রয়েছে বাংলাদেশের।

২০ ফেব্রুয়ারি দুবাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে টিম টাইগার্স। গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ নিউজিল্যান্ড ও স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে যথাক্রমে ২৪ ও ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে খেলবে বাংলাদেশ।

বিষয়:দুবাইপাকিস্তানবাংলাদেশভারতলিড স্পোর্টসশাহিনস
প্রতিবেদক

চ্যানেল আই অনলাইন

চ্যানেল আই অনলাইন

আরও →

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…