মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে স্কটল্যান্ড ও নেদারল্যান্ডসের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক স্কটল্যান্ডের বিপক্ষে ব্যাট হাতে ভালো করেছেন নিগার সুলতানা জোত্যি। তার ৪৬ রানের ইনিংসে ভর করে স্কটিশদের ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে টিম টাইগ্রেস।
এডিনবার্গে টসে জিতে আগে ব্যাটে নামে বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভার শেষে ৫ উইকেটে ১৩৩ রান তোলে সফরকারী দল।
বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান করেন জ্যোতি। ৫ চার ও এক ছক্কায় ৩৯ বলে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলেন টাইগ্রেস অধিনায়ক। একটি করে চার ও ছক্কায় ১৫ বলে ২২ রান করেন স্বর্ণা আক্তার। ২ চারে ২২ বলে ২২ রান করেন সোবহানা মোস্তারি। এছাড়া জুয়াইরিয়া ফেরদৌস ১২, দিলারা আক্তার ১১ এবং সারমিন আক্তার ১০ রান করেন।
স্বাগতিক বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন ক্যাথেরিন ব্রেস, গ্যাব্রিয়েলে ফোন্টেনলা, ক্রিস্টিয়ে গর্ডন ও আবতাহা মাসুদ।








