মেয়েদের সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে নিজেদের চতুর্থ ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভুটান। বসুন্ধরা স্পোর্টস সিটির গ্রাউন্ড-২এ হাড্ডাহাড্ডি লড়াইয়ে মেতেছে দুদল। অবশ্য ফরোয়ার্ড তৃষ্ণা রাণীর গোলে প্রথমার্ধে ১-০তে এগিয়ে আছে বন্যা খাতুনের দল।
খেলার প্রথম মিনিটে আক্রমণ বাংলাদেশের, কর্নার আদায় করে নিলেও বিপদে পড়েনি ভুটান। ষষ্ঠ মিনিটে রাইট উইং দিয়ে ভুটান আক্রমণ করলে গোলরক্ষক মিলি আক্তারের বুদ্ধিমত্তায় বেঁচে যায় বাংলাদেশ। ১৪ মিনিটে ভুটানের গোলকিপারের ভুলেও গোল দিতে পারেনি তৃষ্ণা রাণী।
প্রথম ম্যাচ থেকে দুর্দান্ত খেলতে থাকা বাংলাদেশ ভুটানের বিপক্ষে ছন্নছাড়া ছিল। প্রথম থেকে ছিলেন না নিয়মিত অধিনায়ক আফঈদা খন্দকার। নিষেধাজ্ঞা কাটালেও সেরা একাদশে জায়গা হয়নি মোসাম্মৎ সাগরিকার।
ম্যাচের ৩০ মিনিটে প্রথম পরিবর্তন আনে বাংলাদেশ, বন্যা খাতুনকে উঠিয়ে স্বপ্না রাণীকে মাঠে নামানো হয়। এ সময় তৃষ্ণা সহজ আরও একটি সুযোগ কাজে লাগাতে পারেননি। মিনিট দুয়েক পর বাংলাদেশের প্রথম গোল, এবার ভুল করেননি তৃষ্ণা। ১-০ গোলে এগিয়ে যায় পিটার জেমস বাটলারের দল।
গোলের ডেডলক ভেঙে এবার আরও আক্রমণাত্মক বাংলাদেশ। তবে আক্রমণ করতে গিয়ে নিজেরা কিছুটা চাপে পড়ে, পরপর তিনটি কর্নার আদায় করে নেয় ভুটান। ৪৩ মিনিটে ভুটান সুযোগ পেলেও বারের অনেক উপর দিয়ে যায় বল। শেষ অবধি লিড ধরে রেখে বিরতিতে যায় বাংলাদেশ।







