আওয়ামী লীগ সরকারের পতন, হত্যা মামলা, জাতীয় দলসহ সবধরনের ক্রিকেট থেকে অপসারণের দাবি; বেশকিছু কারণে আলোচনা-সমালোচনায় জর্জরিত সাকিব আল হাসান। এতকিছুর পরও রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট জয়ে রেখেছেন অনন্য অবদান। তবে প্রশ্ন ছিল, দ্বিতীয় টেস্টে সাকিবের খেলা নিয়ে। সে প্রশ্নের জবাব সরাসরি না দিলেও দ্বিতীয় টেস্টে সাকিবের খেলার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সাকিব। গত ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে সরকারের পতন হয়। প্রধানমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। গত বৃহস্পতিবার হত্যা মামলায় তার সাথে যুক্ত করা হয়েছে সাকিবের নামও। জাতীয় দলসহ সবধরনের ক্রিকেট থেকে সাকিবকে বাদ দিতে পরেরদিন লিগ্যাল নোটিশ পাঠানো হয় বিসিবিতে।
ঐতিহাসিক জয়ের ম্যাচে পঞ্চম ও শেষদিনে তিন ব্যাটারকে ফেরান সাকিব। রেকর্ডও গড়েন। বাঁহাতি স্পিনারদের মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ উইকেটের মালিক বনে গেছেন টাইগার অলরাউন্ডার। ম্যাচে দু্ই ইনিংস মিলিয়ে ৪ শিকারে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০৭ উইকেট এখন তার।
রাওয়ালপিন্ডিতে জয়ের পর সংবাদ সম্মেলনে এসেছিলেন শান্ত। সাকিবকে নিয়ে প্রশ্নে আগামী ম্যাচে তাকে খেলানোর ইঙ্গিত দেন টাইগার অধিনায়ক। বলেছেন, ‘তিনি (সাকিব) খুবই ডেডিকেটেড একজন মানুষ। এরকম একটা অবস্থাতে থাকার পরও এমন পারফরম্যান্স করা, দলে এমনভাবে ইনপুট দেয়া, বিশেষ করে বোলিংয়ে, অসাধারণ। তার কাছ থেকে আমরা এরকমই আশা করি এবং তার কাছ থেকে সামনের ম্যাচে এর থেকেও ভালো কিছু আশা করছি।’
শান্ত’র মতে সাকিব মাঠে নামলে ব্যক্তিগত জীবন দূরে ঠেলে দলের জন্য উৎসর্গ থাকেন। বলেছেন, ‘যখন দেশের হয়ে মাঠে নামেন, যতটুকু বুঝি, তিনি অনেক ডেডিকেটেড একজন মানুষ। টিমের জন্য, জেতার জন্য যা কিছু করা দরকার সবকিছু করেন। ব্যক্তিগত জীবন একদিকে সরিয়ে দিয়ে দলের জন্য কীভাবে ভালো করা যায়, সে দিকে ফোকাস করা, দলকে কীভাবে হেল্প করা যায়, একজন জুনিয়র খেলোয়াড়কে কীভাবে হেল্প করা যায়, এ বিষয়গুলো তিনি খুবই আলাদাভাবে করতে পারেন।’
আগামী ৩০ আগস্ট একই মাঠে দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ-পাকিস্তান।







