শ্রীলঙ্কা সিরিজ শেষ করার ৪ দিন পরই পাকিস্তানের সাথে ঘরের মাঠে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে নামছে বাংলাদেশ। ২০ জুলাই মিরপুরে শুরু টাইগারদের ঘরের পরীক্ষা। বিশ্রাম ছাড়াই পূর্ণাঙ্গ শ্রীলঙ্কা সফর শেষেই পাকিস্তানের সাথে লোড়াইটা হবে কঠিন। লঙ্কায় সিরিজ জয়ের পর পরিকল্পনা জানান টাইগার অধিনায়ক লিটন কুমার দাস।
বুধবার কলম্বোর রানাসিংহে প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে প্রথমবার দেশটির মাঠে সিরিজ জয় পেয়েছে বাংলাদেশ। জয় আত্মবিশ্বাস বেড়েছে লিটনদের, জয়ের ধারা ধরে রাখতে চান মিরপুরেও। পাকিস্তানের সাথে মিরপুরে কঠিন হবে সিরিজ, লিটন জানালেন সেটিও।
‘পাকিস্তানের সাথে সিরিজ খুব একটা সহজ হবে না। তাদের ব্যাটিং-বোলিংয়ে বিশেষত্ব আছে। পাকিস্তানের অধিকাংশ খেলোয়াড় বিপিএলে খেলে, মিরপুরের পিচ সম্পর্কে তারা জানে। দুপক্ষের জন্য ভালো চ্যালেঞ্জ হবে। আশাবাদী আমার দল ভালো খেলবে। ব্যাটিংয়ের ধারাবাহিকতা ধরে খেলতে হবে। স্মার্ট ক্রিকেট খেললে অবশ্যই জেতা সম্ভব।’
টি-টুয়েন্টি বিশ্বকাপ প্রসঙ্গে জানতে চাওয়া হলেও পাকিস্তান সিরিজ নিয়েই ভাবছেন লিটন, ‘টি-টুয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখন ভাবছি না। সামনের সিরিজটাই চিন্তা করছি, যতটুক জানি ঢাকাতে প্রতিনিয়ত বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে একটা উইকেট কতটা কঠিন হতে পারে ব্যাটিংয়ের জন্য সবাই জানি। চেষ্টা করবো সেখানে ভালো খেলার, ব্যাটাররা খারাপ করতেই পারে, করাটাই স্বাভাবিক কিন্তু হতাশ হওয়ার কিছু নেই। সবাই যার যার জায়গা থেকে ভালোটা দেবে।’
মিরপুরে শেরে-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আগামী ২০, ২২ ও ২৪ জুলাই পাকিস্তানের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচগুলো শুরু হবে সন্ধ্যা ৬টায়।
শ্রীলঙ্কার বিপক্ষে বোলিং-ব্যাটিংয়ে জ্বলে ২-১ ব্যবধানে টি-টুয়েন্টি সিরিজ জিতে আসছে বাংলাদেশ। শেখ মেহেদী হাসানের ক্যারিয়ারসেরা বোলিংয়ের পর ক্যারিয়ারসেরা ব্যাটিং করেছেন বাঁহাতি ওপেনার তানজিদ তামিম। দ্বিতীয় ম্যাচে ৮৩ রানে জেতার পর শেষ ম্যাচে ৮ উইকেটে জিতেছে বাংলাদেশ।







