বাংলাদেশের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত প্রথম টেস্টে প্রথমদিনে শুরুতে বিপর্যয়ে পড়ে ১৫৮ রানে দিন শেষ করেছিল পাকিস্তান। দ্বিতীয় দিনে সেই ধারাবাহিকতা ধরে রেখেছে শান মাসুদের দল। প্রথমদিনে অপরাজিত সৌদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ান শতরানের জুটি গড়ে স্বাগতিকদের ভালো অবস্থানে নিয়ে যাচ্ছেন।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তান ৬৪ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ২৪৫ রান তুলেছে। ১০৬ বলে ৮৪ রানে রিজওয়ান এবং ১৫৮ বলে ৮১ রানে সৌদ শাকিল অপরাজিত আছেন।
পঞ্চম উইকেট জুটিতে শতরানের বেশি তুলে ফেলেছেন রিজওয়ান ও শাকিল। জুটিতে ২০০ বল খেলে ১৩১ রান করে অবিচ্ছিন্ন আছেন দুজনে। দুজনই সেঞ্চুরির কাছাকাছি রয়েছেন।
বুধবার প্রথমদিনের খেলা শেষে ৪১ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৫৮ রান তুলেছিল পাকিস্তান। ৯১ বলে ৫৭ রানে শাকিল এবং ৩১ বলে ২৪ রানে অপরাজিত ছিলেন উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান।
বৃষ্টিতে আউটফিল্ড ভেজা থাকায় সকাল-দুপুর পেরিয়ে প্রায় সাড়ে চার ঘণ্টা পর বাংলাদেশ সময় বিকেল ৩টায় টস হয় প্রথমদিনে। টি-টুয়েন্টি বিশ্বকাপের পর এটি বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক ম্যাচ।







