ছেলেদের কাভা কাপ ভলিবল চ্যাম্পিয়নশিপে ফাইনালে পাকিস্তানের সাথে পেরে ওঠেনি বাংলাদেশ। স্বর্ণপদক হাতছাড়া হয়েছে। ইসলামাবাদে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তান জিতেছে ৩-০ সেটের সরাসরি ব্যবধানে। রৌপ্যপদক জিতে কাভা কাপে বাংলাদেশ সেরা সাফল্যের দেখা পেয়েছে।
ঘরের মাঠের খেলায় পাকিস্তান প্রথম থেকেই আধিপত্য ধরে রাখে। প্রথম সেট জিততে কিছুটা বেগ পেতে হলেও দ্বিতীয় সেট বেশখানিকটা ব্যবধান রেখে জেতে তারা। তৃতীয় সেটেও বাংলাদেশ ঘুরে দাঁড়াতে পারেনি। ৩-০ সেটে ম্যাচ জিতে শিরোপা নিজেদের করে নেয় পাকিস্তান।
ফাইনালে বাংলাদেশ প্রথম সেট হারে ২০-২৫ পয়েন্ট ব্যবধানে। দ্বিতীয় সেট পাকিস্তান আরও আগে, অর্থাৎ ১৬-২৫ পয়েন্ট ব্যবধানে জিতে আধিপত্য ধরে রাখে। তৃতীয় সেটে বাংলাদেশ কিছুটা প্রতিরোধ গড়ে। শেষপর্যন্ত ম্যাচে ফিরতে না পেরে ২০-২৫ পয়েন্টে হেরে যায় হরোষিত বিশ্বাসের দল।
রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে আসরে ৬ দেশের মধ্যে বাংলাদেশ টেবিলে তৃতীয় হয়েছিল গ্রুপপর্বে। সেরা চারের সেমিতে দুইয়ে থাকা উজবেকিস্তানকে প্রতিপক্ষ পেয়েছিল টেবিলের হিসেবে। সেমিতে উজবেকিস্তানের বিপক্ষে ৩-০ সেটের ব্যবধানে জিতে ফাইনালে উঠেছিল।
২০২৫ সালে হওয়া আসরে বাংলাদেশ চতুর্থ স্থান অর্জন করেছিল। সেবার সেমিতে আফগানিস্তান হারের পর স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে হেরে চতুর্থ হয়েছিল বাংলাদেশ।







