বাংলাদেশ ফুটবল ফেডারেশনে সম্প্রতি নির্বাচন হয়েছে। সদস্য পদে নির্বাচিত হয়েছেন বাংলাদেশের সাবেক ফুটবলার ছাইদ হাসান কানন। জয়ের পর বাংলাদেশের ছেলেদের প্রথম ম্যাচ দেখতে এসেছিলেন বসুন্ধরা কিংস অ্যারেনায়। খেলা দেখে মনে হয়েছে খেলোয়াড়দের ফিটনেসে ঘাটতি রয়েছে।
মালদ্বীপের কাছে ১-০ গোলে হারের পর সংবাদ মাধ্যমে কথা বলেছেন সদ্য নির্বাচিত এ সদস্য। বললেন, ‘দলের খেলোয়াড়দের মধ্যে যোগাযোগের অভাব রয়েছে। তারা কেমন যেন খাপছাড়া খাপছাড় খেলেছে। বল পাস না করে দূর থেকে শট নিচ্ছেন, সুযোগ কাজে লাগাতে পারছেন না।’
‘দলের মধ্যে সমন্বয়ের অভাব আমরা অনুভব করেছি। গতানুগতিক একটা ফুটবল আমরা দেখেছি, কোনো পরিবর্তন আমাদের চোখে পড়েনি। যে স্টাইলে ফুটবল খেলা হয় তা আমাদের চোখে পড়েনি। দলের মধ্যে বোঝাপড়াও ভালো না।’
কোচ সম্পর্কে কানন বললেন, ‘আমরা অনেকদিনই তো দেখলাম এ কোচকে। এটা নিয়ে আমরা বোর্ডে কথা বলব। তার সময় শেষ হবে ডিসেম্বরে, আরও উন্নতমানের কোচ আমরা চাই। তাছাড়া ফুটবলাদের ফিটনেসেও ঘাটতি দেখেছি আমরা।’
ফিফা টায়ার-১এ দুটি প্রীতি ম্যাচের প্রথমটিতে সন্ধ্যায় হেরে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচ আগামী ১৬ নভেম্বর। হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়।







