আজারবাইজান ও মালয়েশিয়াকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল। সিরিজ শুরুর ম্যাচে পরাজয় দেখেছে বাংলাদেশ। জাতীয় স্টেডিয়ামে মালয়েশিয়ার কাছে লাল-সবুজের মেয়েরা হেরেছে ১-০ গোলে। প্রথমার্ধের ২৯ মিনিটে গোল করেন মালয়েশিয়ার নূর আনিসা বিনতে মুরাদ।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-প্রতি আক্রমণে জমে উঠে ম্যাচ। প্রথম মিনিটে আক্রমণে যায় বাংলাদেশ, পাল্টা আক্রমণের বল ক্লিয়ার করেন গোলকিপার রুপনা চাকমা। তৃতীয় মিনিটে দারুণ এক আক্রমণের বল ধরে ফেলেন মালয়েশিয়ার গোলরক্ষক। শুরুর আক্রমণের পাল্লাটা ভারী ছিল বাংলাদেশের পক্ষে। প্রথম কর্নার আদায় করে নেয় আফঈদা খন্দকারের দল। ষষ্ঠ মিনিটে রাইট উইং দিয়ে শামসুন্নাহার জুনিয়রের দারুণ ক্রস মাথায় লাগাতে না পারায় গোলবঞ্চিত হয় স্বাগতিকরা।
১৪ মিনিটের সময় বিপদে পড়তে পারতো বাংলাদেশ, মালয়েশিয়ার হেনরিয়েট্টা জাস্টিন ভালো বল পেলেও তা অফসাইড হয়ে যায়। প্রথমার্ধের ১৫ মিনিটের মধ্যে চারটি কর্নার আদায় করে নেয় বাংলাদেশ। ১৯ মিনিটে লেফট উইং দিয়ে ঋতুপর্ণার আক্রমণে সুবিধা করতে পারেনি। ২৩ মিনিটে এসে প্রথমবার গোলমুখে বল মারে মালয়েশিয়া।
ডিবক্সের মাঝে ২৪ মিনিটে গোলমুখে ফাঁকায় বল পেয়েছিলেন মুনকি আক্তার, ঠিকভাবে ধরতে না পারায় বল মালয়েশিয়ার গোলকিপারের হাতে যায়। ২৯ মিনিটে প্রতিআক্রমণে গোল করে মালয়েশিয়া। হাইলাইন ডিফেন্সে গোলকিপার রুপনা গোল থেকে বেরিয়ে আসেন, নূর আনিসা বিনতে মুরাদ গোল করে মালয়েশিয়াকে ১-০ গোলে এগিয়ে দেন।
গোল হজম করার পর বাংলাদেশের আক্রমণের ধারা কিছুটা কমে যায়। এ সময় মালয়েশিয়া কিছুটা আধিপত্য ধরে খেলার চেষ্টা করে। পরে ঋতুপর্ণা চাকমা এবং মোসাম্মৎ সুলতানা ভালো সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি। খেলোয়াড়দের মাঝে কিছুটা ক্লান্তির ছাপ দেখা যায়। ১-০তে পিছিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে তিন পরিবর্তন করে বাংলাদেশ, মাঠে নামেন তহুরা খাতুন, মোসাম্মৎ সাগরিকা ও স্বপ্না রানী। ৫৫ মিনিটে গোলের ভালো সুযোগ হাতছাড়া করে মালয়েশিয়া। ৬২ মিনিটে গোলস্কোরার নূর আনিসার দূরপাল্লার শট বাজপাখির মত ঠেকিয়ে দেন রুপনা।
৬৮ মিনিটে বাঁ-পাশ থেকে ভালো ক্রস দেন ঋতুপর্ণা, গোলমুখে দাঁড়িয়ে হেডে সেই বল বাইরে পাঠান সাগরিকা, গোলবঞ্চিত হয় বাংলাদেশ। শেষ দিকে আরও কিছু চেষ্টা চালায় বাংলাদেশ, তবে কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি আফঈদা খন্দকারের দল। পরে ১-০ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।







