লেবাননকে বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে ঘরের মাঠে রুখে দিয়ে এক পয়েন্ট আদায় করেছিল বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় ১-১ গোলে ড্র করেছিল। এবার লাল-সবুজের দলের পালা অ্যাওয়ে ম্যাচের, ম্যাচে তিন পয়েন্ট নিতে চান বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া।
ম্যাচের আগে ভিডিও বার্তায় জামাল বলেছেন, ‘লেবানন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ, কিন্তু আমাদের লক্ষ্য তিন পয়েন্ট। গত কিছুদিন আমরা কীভাবে খেলব সেটা বিশ্লেষণ করেছি, নিজেদের পরিকল্পনা সাজিয়েছি। কোন জায়গায় আমাদের খাপ খাওয়াতে হবে সেটা বোঝার চেষ্টা করেছি। কারণ লেবানন এবং অস্ট্রেলিয়া ভিন্ন দুটি দল। আমাদের সবাই ভালো পারফরম্যান্স দেবে এবং বিশ্বাস আছে পরবর্তী ম্যাচে আমরা তিন পয়েন্ট নিতে পারব।’
‘লেবানন গত কয়েকবছরে তিনটা কোচ পরিবর্তন করেছে। বারবার পরিবর্তন হলে দলের কৌশল ঠিক থাকে না, সেটা নিয়ে আমাদের আলোচনা হয়েছে। তাদের ভালো এবং খারাপ জায়গা কোনগুলো সেটাতে জোর দিতে পারলে ইতিবাচক ফলাফল আশা সম্ভব।’
কাতারের সুযোগ-সুবিধা সম্পর্কে জামাল বললেন, ‘এখানকার সুযোগ-সুবিধা অনেক অনেক ভালো। অনুশীলন মাঠ, হোটেল অনেক ভালো।’
বাংলাদেশি দর্শকদের কাছে অধিনায়কের আবেদন, ‘কাতারে বাংলাদেশের অনেক দর্শক রয়েছে। তাদের কাছে আমার আবেদন, শুধু দলের জন্য দোয়া করেন। স্টেডিয়ামে এসে দলকে সমর্থন করেন।’
মঙ্গলবার ১১ জুন বাংলাদেশ সময় রাত ১০টায় লাল-সবুজের দল লেবাননের মুখোমুখি হবে। মধ্যপ্রাচ্যের দেশটিতে রাজনৈতিক অস্থিরতা থাকায় নিরপেক্ষ ভেন্যুতে খেলা গড়াচ্ছে। বসুন্ধরা কিংস অ্যারেনায় দুদলের প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়েছিল।








