সিলেটেও সিরিজ জয়ে ‘আত্মবিশ্বাসী’ জাহানারা

সিলেটের ক্রিকেটার জাহানারা একটি ক্যাপ পরা এবং জার্সি পরে হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ওয়ানডে সিরিজে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশের পর টি-টুয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে বাংলাদেশের মেয়েরা। ছোট ফরম্যাটের তিন ম্যাচের সিরিজে আইরিশদের কাছে ১২ রানে হেরে শুরু করেছে টিম টাইগ্রেস। সিরিজ জয়ে এখনও আত্মবিশ্বাসী লাল-সবুজ দল। শনিবার দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়াবে, বিশ্বাস পেসার জাহানারা আলমের।
বিসিবির ভিডিও বার্তায় জাহানারা বলেছেন, ‘সবই ঠিক আছে, দলে থাকার ব্যাপারটি সবসময় যে মনের মতো হবে ব্যাপারটা আসলে এমন না। যা কিছু আপনার নসিবে লেখা আছে সেটাই হবে। দলে ফিরতে পেরেছি তাতে আমি যথেষ্ট খুশি।’
‘কিন্তু খুশিটা খুব বেশি হতে পারছি না, কারণ প্রথম ম্যাচের ফল আমাদের পক্ষে আসেনি। তবে শুরুটা ভালো হয়েছে। ব্যাটিংয়ে আমাদের চারজন খেলোয়াড় দারুণ স্কোর করেছে। সেদিক থেকে বিবেচনা করলে আমার বিশ্বাস সিরিজ আমরা নিতে পারব এবং সেই বিশ্বাসটা আমাদের সকলের আছে।’
প্রথম ম্যাচে রানতাড়ায় আক্রমণাত্মক ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ১২ ওভারে ১০৩ রান তুলেছিলেন দিলারা ও সোবহানা। প্রথম উইকেটে এটিই বাংলাদেশের প্রথম শতরানের জুটি। বাকি ৮ ওভারে মাত্র ৫৪ রান করতে পারে নিগার সুলতানার দল।
হারের কারণ হিসেবে জাহানারা বলছেন, ‘১৬৯ রান ১৭০ টার্গেট, এটা আমার কাছে মনে হচ্ছে আমরা যদি শুরুটা ভালো করি এবং পাওয়ার প্লেটা ভালোভাবে কাজে লাগাই তাহলে সম্ভব। ১০-১১ ওভারে আমরা শতরানের বেশি করেছিলাম। এটা আমাদের জন্য বড় একটি সংগ্রহ ছিল, ওপেনিং জুটি বলতে পারেন। তারপরও আমরা আশাবাদী ছিলাম। কিন্তু শেষের দিকে হয়ত কিছু ভুলের কারণে ম্যাচটা আমরা হেরে গেছি। আমাদের চারজন ব্যাটার ছন্দে ফেরাতে পরের ম্যাচগুলো নিয়ে আমরা খুবই আশাবাদী।’
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বৃহস্পতিবার টি-টুয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে ১২ রানে জিতেছে আয়ারল্যান্ড। ১৭০ রানের লক্ষ্যে ৭ উইকেটে ১৫৭ রানের বেশি করতে পারেনি বাংলাদেশ। শনিবার একই ভেন্যুতে দুপুর ২টায় দ্বিতীয় লড়াইয়ে নামবে দল দুটি।






