মেয়েদের সাফের বর্তমান চ্যাম্পিয়ন বাংলাদেশ। চলতি আসরে শুরুটা চ্যাম্পিয়নদের মতো হয়নি, পাকিস্তানের সাথে ১-১ গোলে প্রথম ম্যাচ শেষ করে সেমিফাইনাল কিছুটা কঠিন করে তুলেছে লাল-সবুজের দলটি। বুধবার ভারতের বিপক্ষে খেলা, এ ম্যাচের জয়-পরাজয় ও নানা সমীকরণের উপর নির্ভর করছে বাংলাদেশের সেমির স্বপ্ন।
সেমিফাইনাল ভাবনায় বেশ সচেতন বাংলাদেশ। ম্যাচের আগেরদিন সংবাদ মাধ্যমে এমন বলেছেন ডিফেন্ডার কোহাতি কিসকু।
‘কালকের ম্যাচের উপর নির্ভর করছে আমরা সেমিফাইনালে যেতে পারব কিনা। আমরা দলের সবাই জেতার জন্যই মাঠে নামব। আমাদের চেষ্টা থাকবে ভালো কিছু করার। কালকের খেলার জন্য আজকে আমরা আলোচনা করেছি।’
‘কোচ কালকের খেলার জন্য আমাদের পজিশন দেখিয়েছে। কোচ আমাদের যেভাবে দেখিয়েছে আমরা সেভাবে খেলার চেষ্টা করব। দেখা যাক কাল কী হয়। আমাদের উইং ভালো, মিডফিল্ডও ভালো। আমাদের দলের সবাই ভালোই খেলছে।’
পাকিস্তানের বিপক্ষে সাবিনারা ড্র করে সমীকরণ কিছুটা কঠিনে ফেলেছে। ‘এ’ গ্রুপের সমীকরণে বাংলাদেশ যদি ভারতের বিপক্ষে ২-০ গোলেও হারে সেক্ষেত্রে সেমিফাইনালের সুযোগ থাকছে। ৩-০ গোলে হারলে গোলব্যবধান পাকিস্তানের সাথে সমান হবে, সেক্ষেত্রে ফেয়ার প্লেতে সেমিফাইনাল ভাগ্য নির্ধারণ হবে। ড্র বা জয়ের ক্ষেত্রে কোনো সমীকরণ থাকছে না টিম টাইগ্রেসের জন্য।








