বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলা বর্জন নিয়ে নিয়মিত কথা বলছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। মঙ্গলবার নিজের নির্বাচনী আসনে প্রচারের সময় সংবাদমাধ্যমের প্রশ্নে ক্রিকেট নিয়ে আবারও বলেছেন সাফজয়ী সাবেক অধিনায়ক। বলেছেন আগামীর ক্রিকেট বোর্ডকে শক্তিশালী করে বর্তমানের শঙ্কাগুলো দূর করতে চান।
মঙ্গলবার নির্বাচনী প্রচারের সময় ঢাকা-১৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আমিনুল হক বলেন, ‘আমি সবসময় বলি ক্রিকেট আগে, দেশ আগে। এটা ক্ষতিগ্রস্ত করলে কাউকে না কাউকে দায়িত্ব নিতে হবে। পাশাপাশি বর্তমানে ক্রিকেট বোর্ডে যারা দায়িত্ব পালন করছেন তাদের শঙ্কার কোন কারণ নেই।’
‘নির্বাচনের আগপর্যন্ত তারা সুন্দরভাবে ক্রিকেট বোর্ড চালাক। কারণ এখানে আইসিসির একটি বিধিনিষেধ রয়েছে। আইসিসির নিয়মের কিছু ব্যাপার রয়েছে। আমরা আইসিসির সাথে কথা বলে নিয়মের ভেতরে থেকেই আগামীর যে ক্রিকেট বোর্ড সেটিকে এমন একটি শক্তিশালী বোর্ডে পরিণত করতে চাই যাতে ক্রিকেট নিয়ে এই ধরনের যে শঙ্কা তৈরি হয়েছে সেই শঙ্কাগুলো যেন আমরা পরিপূর্ণভাবে কাটিয়ে উঠতে পারি।’
নিরাপত্তা ঝুঁকির কারণে ভারতে খেলতে যেতে অস্বীকৃতি জানিয়ে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করেছিল বাংলাদেশ। অনুরোধ আমলে না নিয়ে গত শনিবার আনুষ্ঠানিকভাবে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে যুক্ত করে আইসিসি। এ নিয়ে এখনও নানা নাটকীয়তা চলছে।







