সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট আইএল টি-টুয়েন্টিতে দল পেলেন মোস্তাফিজুর রহমান। তাকে বদলি খেলোয়াড় হিসেবে নেয়ার ঘোষণা দিয়েছে দুবাই ক্যাপিটালস। আশ্চর্যের বিষয় হচ্ছে, গত সাড়ে তিন মাসের মধ্যে টাইগার পেসারকে দুবার একই দলের কেনার ঘটনা।
২০২৩ সালে শুরু হওয়া আইএল টি-টুয়েন্টির চতুর্থ আসর গড়াবে ২ ডিসেম্বর। আসরটি সামনে রেখে গত আগস্টে লুক উডের বদলি হিসেবে মোস্তাফিজকে নেয়ার কথা জানিয়েছিল ফ্র্যাঞ্চাইজিটি। পরে ২৮ সেপ্টম্বর দুবাই ক্যাপিটালস মোস্তাফিজকে নিয়ে আরেকটি ঘোষণা দেয়। সেদিন জানায় কাটার মাস্টারের জায়গায় সংযুক্ত আরব আমিরাতের হায়দার আলীকে নেয়ার কথা।
শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে আবারও তারা জানিয়েছে দুবাইয়ের হয়েই খেলবেন মোস্তাফিজ। এবারও বদলি হিসেবে দলে জায়গা হয়েছে তার। জিএম রিতেশের বদলি হিসেবে ফিজকে দেখানো হয়েছে।
এবারের আসরে মোস্তাফিজসহ আরও দুই বাংলাদেশিকে দেখা যাবে। গত ১ অক্টোবর হওয়া নিলাম থেকে সাকিব আল হাসানকে ভিত্তিমূল্য ৪০ হাজার মার্কিন ডলারে দলে টেনেছে এমআই এমিরেটস। তাসকিন আহমেদকে নিয়েছে শারজাহ ওয়ারিয়র্স। তাসকিনের জন্য ৮০ হাজার মার্কিন ডলার খরচ করে ক্লাবটি।







