আগের সূচিতেই ম্যাচ মাঠে গড়াবে। তবে এগিয়ে আনা হয়েছে বাংলাদেশ দলের পাকিস্তান-যাত্রার সময়। চার দিন এগিয়ে সোমবার দেশ ছাড়বে নাজমুল হোসেন শান্তর দল। লাহোর পৌঁছাবে মঙ্গলবার। আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
তারাই মূলত বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) আমন্ত্রণ পাঠায়। আগেভাগে পাকিস্তানে যাওয়ার ব্যাপারে রাজি হয় বিসিবি। বোর্ডের মিডিয়া বিভাগ সূত্রে জানা গেছে, রোববার ঘোষণা করা হবে টেস্ট সিরিজের স্কোয়াড।
কানাডা লিগে খেলতে থাকা সাকিব আল হাসান টেস্টে খেলার আগ্রহ দেখালেও শেষপর্যন্ত কী সিদ্ধান্ত নিয়েছেন সেটি স্পষ্ট হবে দল ঘোষণার পর।
পূর্ব নির্ধারিত সূচিতে ১৭ আগস্ট ইসলামাবাদে পৌঁছানোর কথা ছিল বাংলাদেশ দলের। নতুন সূচিতে সোমবার সকালে লাহোরে পৌঁছে যাবে। ১৬ অগাস্ট পর্যন্ত গাদ্দাফি স্টেডিয়ামে চলবে অনুশীলন।
২১ আগস্ট রাওয়ালপিন্ডিতে শুরু হবে বাংলাদেশ-পাকিস্তানের প্রথম টেস্ট। ৩০ আগস্ট থেকে করাচিতে দ্বিতীয় টেস্ট। সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ।
জাতীয় দলের আগে শুক্রবার (৯ অগাস্ট) পাকিস্তানে পৌঁছেছে বাংলাদেশ ‘এ’ দল। দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে তারা।







