প্রথমবার কাবাডি বিশ্বকাপের সেমিতে নেমে চাইনীজ তাইপের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। পরে সমতায় এসে এগিয়েও গিয়েছিল রূপালি আক্তারের দল। সেখান থেকে আবারও পিছিয়ে পড়ে স্বাগতিকরা। শেষঅবধি হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। সেখানে পয়েন্টে ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি বাংলাদেশ। ২৫-১৮ পয়েন্টে হেরে সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়ছে।
শুরুতেই বাংলাদেশের রেইড, সেখান থেকে পয়েন্ট দিয়ে আসেন অধিনায়ক রূপালি। চাইনীজ তাইপের রেইডে পয়েন্ট নিয়ে যায়। পরে আরও পয়েন্ট নিয়ে যায় স্বাগতিকদের থেকে। প্রথমার্ধের মাঝামাঝি সময়ে অতিথিদের রেইডারকে আটকে ৪-৪ পয়েন্টে সমতায় আসে বাংলাদেশ।
সমতায় এসে ৫-৪ পয়েন্টে এগিয়েও যায় বাংলাদেশ। পরের রেইডেই সমতায় ফেরে চাইনীজ তাইপে। খানিক পর আবারও পিছিয়ে পড়ে বাংলাদেশ, ৮-৬ পয়েন্টে এগিয়ে যায় অতিথিরা। পরের দুই রেইডে আবারও সমতায় এসে, আরেক রেইডে ধরা পড়ে তাইপেকে এক পয়েন্ট দিয়ে ৯-৮ ব্যবধানে পিছিয়ে বিরতিতে যায় বাংলাদেশ।
বিরতি থেকে ফিরে চাইনীজ তাইপেকে সুপার ট্যাকল করে ২ পয়েন্ট আদায় করে ১০-৯এ এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের চতুর্থ মিনিটে প্রথমবার অলআউট হয় স্বাগতিকরা, তাতে ১৫-১২তে এগিয়ে যায় তাইপে। পরের মিনিটে আরও দুই পয়েন্ট হারিয়ে ৫ পয়েন্টে পিছিয়ে যায় রূপালির দল।
পরে প্রথম লোনা আদায় করেও চাইনীজ তাইপেকে আটকে রাখতে পারেনি বাংলাদেশ। রেইড ও পয়েন্ট দিয়ে ম্যাচ নিয়ন্ত্রণে আনতে পারেনি বাংলাদেশ, ২৫-১৮ পয়েন্টে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়।







