২৬ ডিসেম্বর পর্দা উঠবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের। বাড়ছে আমেজ। আসর ঘিরে নিলামের আগে সরাসরি চুক্তিতে সিলেট টাইটানসে নাম লিখিয়েছিলেন মোহাম্মদ আমির। ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে যুক্ত হতে মুখিয়ে আছেন পাকিস্তানি পেসার। চায়ের শহরের আঞ্চলিক ভাষায় সমর্থকদের বার্তাও দিয়েছেন ৩৩ বর্ষী তারকা।
ভিডিও বার্তায় বাঁহাতি পেসার বলেছেন, ‘হ্যালো, আমি মোহাম্মদ আমির। এবারের বিপিএলে সিলেট টাইটানসের হয়ে খেলতে পারছি বলে ভীষণ আনন্দিত। খুব দ্রুত দলে যোগ দিয়ে সিলেটের হয়ে লড়াই করতে মুখিয়ে আছি। আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের সবচেয়ে বড় শক্তি। চলুন, এবার একসাথে বড় কিছু অর্জন করি।’
গত মৌসুমেও সিলেটের হয়ে খেলেছেন আমির। এবার দলে যোগ দেয়ার আগে সমর্থকের সিলেটি ভাষায় বিশেষ বার্তাও দিলেন। বলেছেন, ‘আমরা হক্কল সিলেটি, আমরা টাইটানস। ইবার কিন্তু ওইযিবো.…!’
আমিরকে নিয়মিত দেখা যায় ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে। ক্যারিয়ারে ধারাবাহিকভাবে দক্ষতা, গতি, সুইং এবং ম্যাচে গতিপথ বদলে দেয়ার ক্ষমতা প্রদর্শন করে চলেছেন। নাসুম আহমেদ, মেহেদী হাসান মিরাজ, সায়েম আইয়ুব ও মঈন আলীর মতো তারকাদের সঙ্গে সরাসরি চুক্তি সেরেছে সিলেট।







