নেপালে ২০২৪ সালে বাংলাদেশের মেয়েদের দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের অন্যতম কারিগর ছিলেন পিটার জেমস বাটলার। ইংলিশ কোচের সাথে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের চুক্তির মেয়াদ বাড়ছে। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ তথ্য নিশ্চিত করেছেন।
চ্যানেল আই অনলাইনকে কিরণ জানিয়েছেন, ‘বাটলারের সাথে চুক্তির মেয়াদ বাড়ছে এটা নিশ্চিত। তবে এখনও চুক্তিতে স্বাক্ষর করেননি তিনি। চুক্তি স্বাক্ষর হওয়ার পর এ ব্যাপারে আরও তথ্য আপনাদের জানাতে পারব।’
২০২৪ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত বাটলারের সঙ্গে বাফুফের চুক্তি ছিল। সাফ চ্যাম্পিয়নশিপ চলাকালে দলের খেলোয়াড়দের সাথে তার কিছুটা মনোমালিন্য হয়। এসময় তিনি জানিয়েছিলেন বাফুফের সাথে কাজ করতে চান, তবে মেয়েদের দলের সাথে থাকতে চান না।
অক্টোবরে নেপালে হওয়া সাফ চ্যাম্পিয়নশিপে তার অধীনে স্বাগতিক নেপালকে ২-১ গোলে হারিয়ে শিরোপা ধরে রাখে বাংলাদেশের মেয়েরা। ২০২২ সালে কোচ গোলাম রাব্বানি ছোটনের অধীনে প্রথমবার শিরোপা জিতেছিল লাল-সবুজের দলটি।







