বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক হামজা চৌধুরী ও মালির সোলেমান দিয়াবাতেকে বাংলাদেশের নাগরিকত্ব দেয়ার প্রচেষ্টা চলছে। খুব শিগগিরই তাদের জাতীয় দলে পাওয়া যাবে। জানিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ।
কাজী নাবিল সংবাদমাধ্যমে বলেছেন, ‘এটা আমাদের আলোচনার মধ্যে আছে এবং আজকের মিটিংয়েও বিষয়টি আলোচনা করেছি। হামজার বিষয়ে আমি নিজেই ফোন করে ব্রিটেনের বাংলাদেশি দূতাবাসে কথা বলেছি। হামজা যখন সেখানে গিয়েছিল, তার কয়েকটি কাগজ কম ছিল, যে কারণে সেটি সিস্টেমে দেয়া সম্ভব হয়নি।’
‘হাইকমিশনারের সাথে আমার কথা হয়েছে, এরপর সে যখনই যাবে দ্রুত তার কাজ হয়ে যাবে। কিন্তু হামজা ছুটিতে চলে গেছে। তার মায়ের সাথে আমাদের হাইকমিশনের কথা হয়েছে, তার মায়ের সাথে এখানেও কথা হয়েছে। যখন সে থাকবে, বাকি প্রক্রিয়াগুলো আমরা এগিয়ে নিয়ে যাব। ঢাকাতেও যে প্রক্রিয়াগুলো অনুসরণ করতে হবে সেগুলোও আমরা আলোচনা করেছি। বাকি প্রক্রিয়াগুলো ফলোআপের মধ্যে রেখেছি।’
সোলেমান দিয়াবাতের বিষয়ে কাজী নাবিল বলেছেন, ‘হামজা বা এরআগের তারিক কাজী, এলিটা কিংসলের চেয়ে দিয়াবাতের বিষয়টি একটু ভিন্ন। সে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করেছি। সামনে দেখি কী করা যায়। আমাদের চেষ্টা থাকবে যতদ্রুত সম্ভব এটার শেষ করা। এটা ফেলে রাখার মতো বিষয় না। আমি যখনই মিডিয়াতে খবর দেখেছি, তখনই হাইকমিশনে যোগাযোগ করেছি।’







