২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ দল। প্রথম টেস্ট সামনে রেখে ইতিমধ্যে একাদশ ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। প্রায় একবছর পর একসঙ্গে দেখা যাবে পেস আক্রমণের ত্রয়ী প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ককে। অজি পেসারদের গতির পাশাপাশি রয়েছে অতিরিক্ত বাউন্সও। আর সেটাই মাঠে নামার আগে শান্তদের চিন্তার কারণ।
বৃহস্পতিবার ডারউইনে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টায় গড়াবে প্রথম টেস্ট। তার আগের সংবাদ সম্মেলনে এমন জানান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। অবশ্য গত কয়েকমাস ধরে বাউন্স সামলানোর প্রস্তুতির নেয়ার কথাও জানালেন।
বলেছেন, ‘বাউন্স সামলানোই মূল বিষয়, কিন্তু আমরা গত কয়েক মাস ধরে ঘরের মাঠে বাউন্সি উইকেটে প্রস্তুতি নিচ্ছি। এটা আমাদের আরেকটু ধারণা দিচ্ছে। এখানে বাউন্স থাকবে, টেস্টের ১০-১২ দিন আগে এসে আমরা ভালোভাবে প্রস্তুত।’
অস্ট্রেলিয়ার বিশ্বমানের বোলিংয়ের কথা অকপটে স্বীকার করলেও অজিদের চ্যালেঞ্জ জানাতে চান বাংলাদেশ অধিনায়ক। বলেছেন, ‘তাদের বিশ্বমানের বোলিং আক্রমণ আছে, কিন্তু দল হিসেবে তাদের চ্যালেঞ্জ করার জন্য এটি একটি ভালো সুযোগ।’
২০০৩ সালে অস্ট্রেলিয়া সবশেষ টেস্ট খেলেছিল। এই সময়ের মধ্যে বাংলাদেশ অনেকটা উন্নতি করলেও ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ব্যাটিং ধস দেখেছে। তিনদিনের ম্যাচটিতে দ্বিতীয় ইনিংসে কেবল ৫৪ রানে অলআউট হয়ে যাওয়াটা টাইগারদের উদ্বেগের কারণ। শান্ত অবশ্য তা নিয়ে ভাবছেন না।
বলেছেন, ‘প্রস্তুতি ম্যাচে আমাদের খারাপ পারফরম্যান্স ছিল। এটা প্রস্তুতি পর্বেই হয়েছে। আমাদের একটি খারাপ দিন যেতেই পারে, কিন্তু আমি মনে করি আমরা নিজেদের বেশ ভালোভাবে প্রস্তুত করেছি।’








