২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আয়োজিত দুই ম্যাচের সিরিজের জন্য ১৩ সদস্যের শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৩-১৭ ডারউইনে হবে প্রথম ম্যাচ, ম্যাককে’তে দ্বিতীয় ম্যাচটি হবে ২২-২৬ আগস্ট।
দীর্ঘদিন পর পূর্ণশক্তির বোলিং লাইনআপ নিয়ে মাঠে নামতে যাচ্ছে অজিরা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। আছেন গতিদানব মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। সঙ্গে আছেন অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়ন।
হ্যামস্ট্রিং ও পিঠের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড ও অফ-স্পিনার নাথান লায়ন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওপেনার উসমান খাজার অবসরের পর এটিই অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ।
ওপেনিং কিংবা মিডল অর্ডারে খাজার খালি জায়গা পূরণে দৌড়ে আছেন জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও জশ ইংলিস। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে দারুণ পারফর্ম করা সত্ত্বেও দলে জায়গা পাননি পেসার মাইকেল নেসার। মূল পেস ত্রয়ী কামিন্স, স্টার্ক, হ্যাজলউড ফেরায় তাকে স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে।
বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদার্যাল্ড, বিউ ওয়েবস্টার।







