মিরপুরে বল হাতে তাণ্ডব চালিয়েছেন মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার ক্রিকেট ইতিহাসে ওয়ানডেতে প্রথমবার রানের খাতা খোলার আগে ৩ উইকেট তুলে নেয়ার কীর্তি গড়েছে টিম টাইগার্স। ৮১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়া অজিদের হাল ধরেন মার্নাশ লাবুসেন ও জাভিয়ের ব্রেটলেট। তাদের শতাধিক রানের জুটিতে ভর করে ঘুরে দাঁড়ায় দলটি। পরে বৃষ্টি বাধায় ওভার কমিয়ে নির্ধারণ করা হয় বাংলাদেশের লক্ষ্য।
ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচে ৮৬ রানে জয় তুলে এগিয়ে বাংলাদেশ। বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে টসে জিতে আগে ব্যাটে নামে অস্ট্রেলিয়া। ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রানে যখন তারা, বৃষ্টির হানায় বাকি ৮ ওভার ব্যাট করার সুযোগ হয়নি। সিরিজ জয়ের পথে বৃষ্টি আইনে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।
ওভার কমিয়ে দেয়ায় পরিবর্তন এসেছে পাওয়ার প্লেতেও। ১-৮ ওভার পাওয়ার প্লে-১, ৯-২৫ পাওয়ার প্লে-২, ২৬ থেকে ৪১ পাওয়ার প্লে-৩। একজন বোলার সর্বোচ্চ ৯ ওভার বল করতে পারবেন, বাকিরা সর্বোচ্চ ৮ ওভার।
ব্যাটে নেমে ইনিংসের চতুর্থ বলে উইকেট হারায় অস্ট্রেলিয়া। তাসকিন আহমেদের বলে বোল্ড হন ম্যাথিউ শর্ট। দ্বিতীয় ওভারে এসে মোস্তাফিজুর রহমান জোড়া শিকার তুলে নেন। ওভারের প্রথম বলে কুপার কনোলি এবং শেষ বলে মেট রেনশকে ফেরান। দুজনে লিটনের গ্লাভসে ধরা পড়েন।
রানের খাতা খোলার আগে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে সফরকারী দল। চতুর্থ উইকেটে ২৫ রান যোগ করেন অ্যালেক্স ক্যারি ও জশ ইংলিশ। ৭.৩ ওভারে ক্যারিকে ফিরিয়ে জুটি ভাঙেন মোস্তাফিজ। নাজমুল হোসেন শান্তর হাতে ক্যাচ দিয়ে ফেরেন, করেন ১৭ বলে ১৩ রান।
১৭.১ ওভারে ৬৮ রানে পঞ্চম উইকেট হারায় সফরকারীরা। তানজিদ তামিমের ক্যাচ বানিয়ে জশ ইংলিশকে ফেরান তানভীর। ৪ চার ও ১ ছক্কায় ৩৮ বলে ৩৪ রান করেন অজি অধিনায়ক। ২১.১ ওভারে ৮১ রানে ষষ্ঠ উইকেট হারায় অজিরা, ফেরেন ক্যামেরন গ্রিন। ১ চার ও ২ ছক্কায় ৫০ বলে ২৫ রান করে।
চাপে পড়া অস্ট্রেলিয়ার হাল ধরেন লাবুশেন ও ব্রেটলেট। দুজনে যোগ করেন ১০৩ রান। ৪০.২ ওভারে ব্রেটলেটকে ফিরিয়ে জুটি ভাঙেন তাসকিন। ৪ চার ও ২ ছক্কায় ৪৮ বলে ৫২ রান করে যান তিনি। পরের বলে গোল্ডেন ডাক উপহার দিয়ে অ্যাডাম জাম্পাকেও ফেরান টাইগার পেসার।
৪২তম ওভারের খেলা শেষে বৃষ্টি নামে। বৃষ্টি নামার আগে অজিদের সংগ্রহ ছিল ৪২ ওভারে ৮ উইকেটে ১৮৭ রান। লাবুশেন ৩ চারে ৮৫ বলে ৫৫ রানে এবং নাথান এলিস ৫ বলে ২ রানে মাঠ ছাড়েন।
দুপুর ২টা ৩৪ মিনিটে নামা বৃষ্টি থামে বিকেল চারটার পর। দুই ঘণ্টারও বেশি সময় খেলা বন্ধ থাকায় কাটা হয় ওভার। ফলে অজিদের আর ব্যাটে ফেরা হয়নি। বৃষ্টি আইনে টাইগারদের লক্ষ্য দাঁড়ায় ৪১ ওভারে ১৯২ রান।
বাংলাদেশের হয়ে তাসকিন ও মোস্তাফিজ ৩টি করে উইকেট নেন। তানভীর ইসলাম নেন ২ উইকেট।







