আফগানদের বিশাল সংগ্রহ টপকাতে নেমে শুরুতেই চাপে পড়ে বাংলাদেশ। ২৫ রানে হারায় তিন টপঅর্ডার ব্যাটারকে। পরে সাকিব-হৃদয় হাল ধরলেও টিকে থাকতে পারেননি বেশিক্ষণ। আফগান বোলাররা ৭২ রানে টাইগারদের ৬ উইকেট তুলে নিয়েছেন। মহাবিপদে পড়েছে বাংলাদেশ।
চট্টগ্রামে টস হেরে আগে ব্যাটে নেমে ৯ উইকেটে ৩৩১ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে নেমে ফজলহক ফারুকি ও মুজিবুর রহমানের শিকার হয়ে শুরুতেই ফেরেন তিন ব্যাটার লিটন দাস, নাজমুল হোসেন শান্ত ও নাঈম শেখ। পরে ৪০ রানের জুটি গড়েন সাকিব ও হৃদয়। জুটিতে আঘাত হানেন রশিদ খান, ফেরান হৃদয়কে। সাকিব ফেরেন নবীর শিকার হয়ে। এক ওভার পরই আফিফকে দ্বিতীয় শিকার বানান রশিদ খান।
২৫ রানে তিন ব্যাটারকে হারানোর পর ধীরগতিতে রান যোগ করতে থাকে সাকিব ও হৃদয়। গড়েছেনও ৪০ রানের জুটি। ১৭তম ওভারের চতুর্থ বলে দলীয় ৬৫ রানে রশিদের গুগলিতে পরাস্ত হন হৃদয়। ৩৪ বলে ১৬ রান করে বোল্ড হয়ে ফেরেন সাজঘরে।
পরের ওভারে দলীয় ৭১ রানে আঘাত হানেন মোহাম্মদ নবী। ১৮তম ওভারের শেষ বলে ব্যাকফুটে খেলতে গিয়ে এলবিডব্লিউর শিকার হন সাকিব। রিভিউ নিলেও সে যাত্রায় আর রক্ষা হয়নি। ফেরেন ২৯ বলে ২৫ রান করে। তিন বল পরেই পরেই রশিদের শিকার হন আফিফ হোসেন। রশিদের গুগলিতে স্লিপে নবীর হাতে ক্যাচ দিয়ে ফেরেন রানের খাতা না খুলেই।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৩০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১২২ রান। ক্রিজে আছেন মুশফিকুর রহিম (৪২বলে ৩০ রান) ও মেহেদী হাসান মিরাজ (৩৩ বলে ১৮ রান)।







