বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

সাউথ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় গড়াবে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ১৪ দলের এই বিশ্বকাপ শুরু হবে আগামী ২ অক্টোবর, আর ফাইনাল গড়াবে হবে ২১ নভেম্বর। আসন্ন আসরে সরাসরি জায়গা করে নিয়েছে বাংলাদেশ। খেলবে ‘বি’ গ্রুপে।
গ্রুপ ‘বি’তে বাংলাদেশের সঙ্গী নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড এবং কোয়ালিফায়ার ‘বি’ থেকে উঠে আসা একটি দল। গ্রুপপর্বে প্রতিটি দল একে অপরের বিপক্ষে খেলবে।
৮ অক্টোবর নামিবিয়ার উইন্ডহোকে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। এরপর ১২ অক্টোবর কুগোম্পো সিটিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা।
১৬ অক্টোবর ডারবানে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। একই ভেন্যুতে তিন দিন পর, ১৯ অক্টোবর সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামবে। গ্রুপপর্বের শেষ ম্যাচে ২৩ অক্টোবর থশওয়ানে কোয়ালিফায়ার ‘বি’ থেকে আসা দলের মুখোমুখি হবে বাংলাদেশ।
বাংলাদেশের গ্রুপপর্বের পাঁচ ম্যাচের মধ্যে চারটিই হবে সাউথ আফ্রিকার মাটিতে। অন্য ম্যাচটি নামিবিয়ায়। ডারবানেই টানা দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ।
২০২৭ বিশ্বকাপের ফরম্যাটেও থাকছে পরিবর্তন। আগের আসরগুলোর মতো সরাসরি কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে ওঠার সুযোগ নেই। দুই গ্রুপের শীর্ষ তিনটি করে দল এবং চতুর্থ স্থানে থাকা দুই দলের মধ্যে পয়েন্টে এগিয়ে থাকা দল নিয়ে হবে সুপার সেভেন পর্ব।
সুপার সেভেনে জায়গা করে নিতে পারলে বাংলাদেশকে আরও ছয়টি ম্যাচ খেলতে হবে। এই পর্ব চলবে ২৫ অক্টোবর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত। গ্রুপপর্বের ফলাফল এবং কোন কোন দল সুপার সেভেনে জায়গা করে নেয়, তার ওপর নির্ভর করবে নির্ধারিত সিডিং অনুযায়ী বাংলাদেশের পরবর্তী ম্যাচগুলোর প্রতিপক্ষ ও সময়।
সুপার সেভেন শেষে পয়েন্ট তালিকার শীর্ষ চার দল উঠবে সেমিফাইনালে। আর বিশ্বকাপের ফাইনাল গড়াবে ২১ নভেম্বর জোহানেসবার্গে।
এক নজরে বিশ্বকাপ গ্রুপপর্বে বাংলাদেশের সূচি
৮ অক্টোবর- ইংল্যান্ড (উইন্ডহোক, নামিবিয়া)
১২ অক্টোবর- নিউজিল্যান্ড (কুগোম্পো সিটি, সাউথ আফ্রিকা)
১৬ অক্টোবর- শ্রীলঙ্কা (ডারবান, সাউথ আফ্রিকা)
১৯ অক্টোবর- সাউথ আফ্রিকা (ডারবান, সাউথ আফ্রিকা)
২৩ অক্টোবর- কোয়ালিফায়ার ‘বি’ (থশওয়ানে, সাউথ আফ্রিকা)





