একুশে পদক ও বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত বিশিষ্ট কবি অসীম সাহার মৃত্যুতে শোকপ্রকাশ করেছে বাংলা একাডেমি।
মঙ্গলবার (১৮ জুন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ শোকের কথা জানায় বাংলা একাডেমি।
বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা বলেন, অসীম সাহা বাংলাদেশের কবিতার ইতিহাসে এক অনন্য নাম। তিনি ছিলেন সমকালীন বাংলা কবিতার তাৎপর্যপূর্ণ কারুকৃৎ। ব্যক্তিমানুষের আর্তি থেকে সমষ্টিমানুষের আর্তনাদ, মুক্তিকামী মেহনতি মানুষের লড়াকু অভিলাষ এবং শোষণমুক্ত জগত গড়ার অঙ্গীকার তার কবিতার ছত্রে ছত্রে স্বতন্ত্র আঙ্গিকশোভায় ভাস্বর হয়েছে। কবিতার পাশাপাশি প্রবন্ধ-গবেষণা, অভিধানচর্চা এবং কাব্যানুবাদেও তিনি বিশিষ্টতার স্বাক্ষর রেখেছেন।
মুহম্মদ নূরুল হুদা আরও বলেন, বাংলা একাডেমি পরিবারের সঙ্গে কবি অসীম সাহা নিবিড় বন্ধনে আবদ্ধ ছিলেন। একাডেমি থেকে প্রকাশিত হয়েছে তার ‘নির্বাচিত কবিতা’।
তিনি আরও বলেন, আমরা তার আত্মার শান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি জ্ঞাপন করছি গভীর সমবেদনা জানাই।







