বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাইডেন-মোদির ফোনালাপ

ভারতের প্রধানমন্ত্রী মোদি ও মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা।. Channel i News – চ্যানেল আই নিউজ
বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে কথা বলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ সময় বাংলাদেশে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন দুই নেতা।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সোমবার ২৬ আগস্ট রাতে নিজের এক্স একাউন্টে দেয়া এক পোস্টে নরেন্দ্র মোদি লিখেছেন, আজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বাইডেনের সঙ্গে ফোনালাপ হয়েছে। এ সময় ইউক্রেন পরিস্থিতিসহ আঞ্চলিক ও বৈশ্বিক নানা বিষয়ে আমরা মতবিনিময় করেছি।
ভারতের প্রধানমন্ত্রী আরও লেখেন, বাংলাদেশ পরিস্থিতি নিয়েও আমরা আলোচনা করেছি এবং দেশটিতে দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছি। পাশাপাশি বাংলাদেশের সংখ্যালঘু, বিশেষ করে হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার বিষয়েও আলোচনা হয়েছে।






