স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
বুধবার বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি আলী রেজার হাইকোর্ট বেঞ্চ এই জামিন আদেশ দেন। আদালতে বাবুলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির।
বাবুল আক্তার অন্য মামলায় আগে থেকেই জামিনে আছেন। তাই সর্বশেষ এই মামলায় জামিনের ফলে বাবুল আক্তারের কারা মুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন তার আইনজীবী।
২০১৬ সালের ৫ জুন ছেলেকে স্কুলবাসে তুলে দিতে গিয়ে নগরের জিইসি মোড় এলাকায় খুন হন মাহমুদা খানম। সে ঘটনায় তার স্বামী বাবুল আক্তার বাদী হয়ে পাঁচলাইশ থানায় মামলা করেন। তদন্ত শেষে পিবিআই মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয়। চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন বাবুলের আইনজীবী। এরপর আদালত চুড়ান্ত প্রতিবেদনটি গ্রহণ না করে পিবিআইকে তদন্তের নির্দেশ দেন। পরবর্তীতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) আবেদনের পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শুনানি শেষে বাবুলকে স্ত্রী খুনের এই মামলায় শোন অ্যারেস্ট দেখান। এরপর বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হয়।







