টানা তিন হারার পর চাপে আছেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। সমর্থক-সাবেকদের চাওয়ার সঙ্গে এবার তাল মেলাল পাকিস্তান ক্রিকেট বোর্ডও। পিসিবি বলছে, বিশ্বকাপে দল ব্যর্থ হলে কেড়ে নেয়া হতে পারে বাবরের নেতৃত্ব।
বাকি চার ম্যাচের প্রতিটি জিততে হবে পাকিস্তানকে, একটি হারলেও শঙ্কায় পড়ে যাবে সেমিফাইনালে খেলার স্বপ্ন। দুর্দান্ত ফর্মে থাকা সাউথ আফ্রিকার বিপক্ষে পরের ম্যাচ বাবরের দলের।
বিবৃতিতে পিসিবি বলেছে, ‘টিম ম্যানেজমেন্ট এবং অধিনায়ক বাবরকে নিয়ে তাদের পক্ষেই আছে বোর্ড। হার জিত খেলার একটি অংশ। বিশ্বকাপের দল গড়তে অধিনায়ক বাবর এবং প্রধান নির্বাচক ইনজামাম উল হককে পূর্ণ স্বাধীনতা এবং সমর্থন দেয়া হয়েছিল।’
‘সামনের দিনগুলোতে, বিশ্বকাপের পারফরম্যান্সের ভিত্তিতে পাকিস্তান ক্রিকেটের জন্য সর্বোত্তম সিদ্ধান্তটি নিতে চায় বোর্ড। তার জন্য এখন, আসরে দারুণভাবে ফিরে আসার জন্য ভক্ত-সমর্থক, সাবেক এবং অংশীজনদের কাছে পূর্ণ সমর্থন চায় পিসিবি।’
‘পাকিস্তান বাকি ম্যাচগুলোতে যদি অলৌকিক কিছু ঘটায় এবং সেমিফাইনাল খেলতে পারলে বাবরের দায়িত্বে টিকে থাকার সম্ভাবনা থাকবে, না হলে তাকে শুধু লাল বলের দায়িত্বে রাখা হবে।’
সরফরাজ আহমেদ, মোহাম্মদ রিজওয়ান বা শাহিন শাহ আফ্রিদিকে দায়িত্ব দেয়ার ব্যাপারে আলোচনা চলছে। বিশ্বকাপ শেষে দল দেশে ফেরার পর চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।







