মুক্তির শুরু থেকেই বক্স অফিসে দারুণ গতি ধরে রেখেছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপন ২’। ১৪ আগস্ট মুক্তির পর দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটির আয় আরও বেড়েছে। বিশ্বব্যাপী ২০০ কোটি রুপির ক্লাবে প্রবেশের অপেক্ষায় এখন ছবিটি!
দশম দিনে সেই মাইলফলক থেকে মাত্র ৮ কোটি রুপি দূরে রয়েছে ‘আওয়ারাপন ২’। বক্স অফিসের হিসাবে, দ্বিতীয় রবিবার (২৩ আগস্ট) ভারতে ছবিটি ৮ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করেছে। এদিন ১৩ হাজার ৬৩২টি প্রদর্শনীতে ছবিটির গড় দর্শক উপস্থিতি ছিল প্রায় ২১ শতাংশ। এর ফলে ভারতে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ১৩৬ কোটি ২৫ লাখ রুপি। ভারতীয় বাজারে মোট গ্রস আয় এখন ১৬২ কোটি ৫০ লাখ রুপি।
বিদেশের বাজারেও ছবিটির দাপট অব্যাহত। দশম দিনে সেখান থেকে এসেছে ১ কোটি ৫০ লাখ রুপি। ফলে বিদেশে ছবিটির মোট গ্রস আয় দাঁড়িয়েছে ৩০ কোটি ৩০ লাখ রুপি। ভারত ও বিদেশের আয় মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট গ্রস সংগ্রহ এখন ১৯২ কোটি ৮০ লাখ রুপি। অর্থাৎ, আর মাত্র ৭ কোটি ২০ লাখ রুপি আয় করলেই ২০০ কোটির মাইলফলক ছুঁয়ে ফেলবে ‘আওয়ারাপন ২’।
দ্বিতীয় সপ্তাহের গত শুক্রবার ছবিটির আয় কিছুটা ধীর ছিল। সেদিন ৯ হাজার ৮৫৮টি প্রদর্শনী থেকে ভারতে ৫ কোটি ৭৫ লাখ রুপি নেট আয় করে ছবিটি। তবে পরদিনই পরিস্থিতির পরিবর্তন হয়।
দ্বিতীয় শনিবার ছবিটির আয় বেড়ে দাঁড়ায় ৮ কোটি ২৫ লাখ রুপি। শুক্রবারের তুলনায় আয় বেড়েছে প্রায় ৪৩ দশমিক ৫ শতাংশ। সেদিন ছবিটির সার্বিক দর্শক উপস্থিতি ছিল ১৮ শতাংশ। সন্ধ্যা ও রাতের প্রদর্শনীতে দর্শক উপস্থিতি আরও বেশি ছিল, প্রায় ৩৩ দশমিক ৮৫ শতাংশ।
মুক্তির প্রথম সপ্তাহ শেষে ভারতে ছবিটির নেট আয় ছিল ১১৩ কোটি ৫০ লাখ রুপি। দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই আয় বাড়তে থাকায় এখন ২০০ কোটির বৈশ্বিক মাইলফলক নিয়ে প্রত্যাশা তৈরি হয়েছে।









