বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকীতে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। এসময় কবর জিয়ারত শেষে বঙ্গবন্ধুসহ ৭৫’র ১৫ আগস্ট নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
এছাড়া টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে র্যালি, কেক কাটা, আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক জননেতা এস এম কামাল হোসেন এমপি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন: ১৯৪৯ সালে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত হয়েছিলো বলেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছি। বাংলাদেশের যতকিছু অর্জন তার সবকিছুই এসেছে এই আওয়ামী লীগের হাত ধরেই। জাতির পিতাকে হত্যা করার পরে পিছিয়ে পড়া দেশকে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশের পথে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা। শেখ হাসিনা দিনের ১৯ ঘন্টা পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শেখ হাসিনার একজন কর্মী হিসেবে তাঁর চলার পথকে মসৃন করাই আমাদের প্রধান কাজ।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল শেখ এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদুল বিশ্বাস সহ যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
এছাড়া কেন্দ্রীয় আওয়ামী লীগের পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্য কর্নেল (অব:) ফারুক খান এমপি, আবুল হাসনাত আব্দুল্লাহ, সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, শামসুন্নাহার চাপা, ফরিদুন্নাহার লাইলি, জেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলী খান, সাধারণ সম্পাদক আযম খান, জেলা পরিষদের চেয়ারম্যান, টুংগীপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান বাবুল শেখ সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।








