অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খাজার রক্ত ঝরিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। অ্যাডিলেড টেস্টে অবশ্য বড় হার এড়াতে পারেনি তারা। দুই টেস্টের সিরিজে প্রথমটিতে ১০ উইকেটের জয় তুলেছে স্বাগতিক অস্ট্রেলিয়া।
সিরিজে ১-০ গোলে এগিয়ে গেছে প্যাট কামিন্সের দল। দ্বিতীয় টেস্টটি শুরু হবে ২৫ জানুয়ারি।
জয় থেকে এক রান দূরে থাকার সময় ৯ রানে থাকা বাঁহাতি ওপেনার উসমান খাজা রিটায়ার্ড হার্ট হয়ে সাজঘরে ফেরেন। নামেন মার্নাস লাবুশেন। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নেন হ্যাজেলউড। অভিষিক্ত শামার জোসেফের বাউন্সারে মাথায় আঘাত পান খাজা, রক্ত ঝরে, মাঠও ছেড়ে যান।
দ্বিতীয় ইনিংসে ক্রেইগ ব্র্যাথওয়েটের দল অলআউট হয় মাত্র ১২০ রানে। অস্ট্রেলিয়ার লক্ষ্য দাঁড়ায় ২৬ রান। সহজ লক্ষ্যে কোনো উইকেট না হারিয়ে পৌঁছ যায় অস্ট্রেলিয়া। ম্যান অব দ্য ম্যাচ প্রথম ইনিংসে সেঞ্চুরি করা ট্রাভিস হেড।
টসে জিতে ওয়েস্ট ইন্ডিজকে প্রথমে ব্যাটে পাঠিয়ে জশ হ্যাজেলউড ও কামিন্স বোলিংয়ে ঝড় তুলেছিলেন। প্রথম ইনিংসে সফরকারীদের ১৮৮ রানে অলআউট করে অস্ট্রেলিয়া। তিনে নামা কার্ক ম্যাকেঞ্জির ব্যাট থেকে আসে ৫০ রান। দুই পেসার হ্যাজেলউড ও কামিন্স নেন ৪টি করে উইকেট।
জবাবে প্রথম ইনিংসে ২৮৩ রান করেছিল অস্ট্রেলিয়া। সেঞ্চুরিতে ১১৯ রান করেন ট্রাভিস হেড। ওপেনার খাজার ব্যাট থেকে আসে ৪৫ রান। ওয়েস্ট ইন্ডিজের অভিষিক্ত পেসার শামার জোসেফ নেন ৫ উইকেট।







