গল টেস্টের ফল আনতে খুব বেশি সময় নিলেন না ডেভিড ওয়ার্নার। শ্রীলঙ্কার ছোড়া ৫ রানের লক্ষ্য পেরোতে খরচ করলেন গুনে গুনে ৪ বল। দুদিন বাকি থাকতে ১০ উইকেটে জয়ের সঙ্গে ২০১১ সালের পর লঙ্কান ডেরায় ফের টেস্ট জেতার স্বাদ নিয়েছে অস্ট্রেলিয়া।
শুক্রবার গল ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ম্যাচের তৃতীয় দিনের সকালে ৩১৩ রানের সঙ্গে আর ৮ যোগ করে অজি ব্যাটাররা। ১০৯ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে লঙ্কান ব্যাটাররা পড়ে ট্রাভিস হেড ও নাথান লায়নের ঘূর্ণির সামনে।
দ্বিতীয় ইনিংসে স্কোরবোর্ডে ১১৩ রান তুলেই গুটিয়ে যায় স্বাগতিক দল। ৫ রানের লক্ষ্য একটি করে ছয় ও চারে পেরিয়ে যান ওয়ার্নার।
দ্বিতীয় দিনে অপরাজিত থাকা অধিনায়ক প্যাট কামিন্সকে সকালে দ্রুত ফিরিয়ে দেন আসিথা ফের্নান্দো। পরে মিচেল সোয়েপসনকে বোল্ড করলে অস্ট্রেলিয়া থামে ৩২১ রানে। শতক ছাড়ানো লিড পায় সফরকারী দল।
নিজেদের দ্বিতীয় ইনিংসে অজি স্পিনে মুখ থুবড়ে পড়ে শ্রীলঙ্কা। স্বাগতিকদের সব ব্যাটারকে ফেরান নাথান লায়ন, ট্রাভিস হেড ও মিচেল সোয়েপসন। ৪টি করে উইকেট নেন লায়ন ও হেড। দুই ব্যাটারকে ফিরিয়ে দেন সোয়েপসন। পেস আক্রমণের কামিন্স বোলিংই করেননি, দুই ওভার করে উইকেটশূন্য ছিলেন মিচেল স্টার্ক।
দলীয় ৩৭ রানে প্রথম উইকেট হারায় লঙ্কান দল। পরে একে একে ব্যর্থ হন পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, ডি সিলভারা। রান পাননি অ্যাঞ্জেলো ম্যাথুজের করোনা বদলি হিসেবে আসা ওশাডা ফের্নান্দো, ফেরেন ১২ রান করে।
স্বাগতিক টপ অর্ডার, মিডল অর্ডারের ব্যর্থতা প্রসারিত হয় লোয়ার অর্ডারেও। লঙ্কান দলে সর্বোচ্চ ২৩ রান এসেছে অধিনায়ক করুণারত্নের ব্যাটে। দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান আরেক ওপেনার নিশাঙ্কার।
দুই ম্যাচের সিরিজে এগিয়ে যেতে অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্য আসে ৫ রানের। উসমান খাজাকে একপাশে দর্শক বানিয়ে ম্যাচ জিতিয়ে ফেরেন ওয়ার্নার। ম্যাচসেরা হয়েছেন ক্যামেরুন গ্রিন।
৮ জুলাই সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুদল।







