২০১৮ সালের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টুয়েন্টিতে জয়ের দেখা পায়নি পাকিস্তান। অজিদের বিপক্ষে টানা ৭ ম্যাচে হার দেখেছে তারা। সাত বছর পর অবশেষে অস্ট্রেলিয়াকে হারাল পাকিস্তান। লাহোরে তিন ম্যাচ টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে অস্ট্রেলিয়াকে ২২ রানে হারিয়েছে পাকিস্তান।
গাদ্দাফি স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক সালমান আলি আঘা। নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেটে ১৬৮ রান করে পাকিস্তান। জবাবে নেমে ৮ উইকেটে ১৪৬ রানে থামে অস্ট্রেলিয়ার ইনিংস।
পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৪০ রান করেন সাইম আইয়ুব। ২২ বলের ইনিংসটিতে ছিল ৩টি চার ও ২ ছক্কার মার। ১ চার ও ৪ ছক্কায় ২৭ বলে ৩৯ রান করেন সালমান আঘা। এছাড়া বাবর আজম ২০ বলে ২৪, উসমান খান ১৪ বলে ১৮ এবং মোহাম্মদ নাওয়াজ ১৪ বলে ১৫ রান করেন।
অস্ট্রেলিয়া বোলারদের মধ্যে অ্যাডাম জাম্পা ৪ উইকেট নেন। শাভিয়ের ব্রেটলেট ও মাহলি ব্রেডম্যান নেন দুটি করে উইকেট।
জবাবে নেমে সর্বোচ্চ ৩৬ রান করেন ক্যামেরন গ্রিন। ৩১ বলের ইনিংসে ছিল ৩ চার ও ১ ছক্কার মার। ৩ চার ও ২ ছক্কায় ২৫ বলে ৩৪ রান করেন ব্রেটলেট। এছাড়া ট্রাভিস হেড ১৩ বলে ২৩ এবং ম্যাট রেনশাও ১৫ রান করেন।
পাকিস্তান বোলারদের মধ্যে সাইম আইয়ুব ও আবরার আহমেদ দুটি করে উইকেট নেন। শাদাব খান ও মোহাম্মদ নাওয়াজ নেন একটি করে উইকেট।








