অস্ট্রেলিয়ার কোচের অভিযোগ, কিংস অ্যারেনার মাঠ বাজে

বাংলাদেশ ও অস্ট্রেলিয়া দলের ফুটবল খেলোয়াড়রা মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছে, দর্শকরা স্টেডিয়ামে উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ
‘ভয়ঙ্কর বাজে মাঠ! ফিট খেলোয়াড়দের আমরা কথা বলি। কিন্তু আজকে যে মাঠে খেলা হল, সেই মাঠে ফিট খেলোয়াড়দের পাঠালেও তারা চোটে পড়বে। বাংলাদেশের ৫-৬ জন খেলোয়াড় চোটে পড়ায় আমি মোটেও অবাক হইনি। সবাই হ্যামস্ট্রিংয়ে কিংবা পায়ের পেছনের পেশিতে চোট পেয়েছে। এমন মাঠে খেলা হলে খেলোয়াড়েরা এমন চোটে পড়বেই।’
বাংলাদেশের বিপক্ষে বিশ্বকাপ ও এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ের ম্যাচের পর বসুন্ধরা কিংস অ্যারেনার মাঠের সমালোচনায় মুখর হন গ্রাহাম আর্নল্ড। অস্ট্রেলিয়া দলের কোচের মন্তব্যে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকরা হতভম্ব হয়ে যান।
কোচের সঙ্গে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন অজিদের হয়ে গোলের দেখা পাওয়া কুসিনি ইয়েংগি। মাঠের অবস্থা নিয়ে সাংবাদিকদের তাকে জিজ্ঞাসা করতে অনুরোধ জানিয়ে গ্রাহাম বলেন, ‘মাঠটা কেমন ছিল, সেটা আমার চেয়ে ও ভালো বলতে পারবে।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে অস্ট্রেলিয়ান ফরোয়ার্ডের দাবি, ‘মাঠটা ভেজা ছিল ও কিছুটা উঁচু নিচু ছিল। ঘাস অনেক বড় থাকায় বল দ্রুত যাচ্ছিল না।’
এরপর সংবাদ সম্মেলনে উপস্থিত হয়ে বাংলাদেশের কোচ হাভিয়ের ক্যাবরেরা অবশ্য একেবারেই উল্টো দাবি করলেন। তার মতে, মাঠ খেলার জন্য উপযুক্তই ছিল।
‘এশিয়াতে এর চেয়েও বাজে মাঠে খেলা হয়। এই মাঠ তো অনেক ভালো। এখন অস্ট্রেলিয়ার কোচ যদি দুই দেশের সুযোগ-সুবিধার তুলনা করেন, তাহলে বাংলাদেশের বিষয়টা দেখতে হবে। অস্ট্রেলিয়া উন্নত দেশ, তারা উন্নত মাঠে খেলে অভ্যস্ত। আমরা উন্নয়নশীল দেশ। আমাদের সাধ্যমতো সুযোগ–সুবিধা দেয়ার চেষ্টা আমরা করেছি।’






