২১ নভেম্বর থেকে শুরু হতে চলা অ্যাশেজ সিরিজের প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্সের চোটে প্রথম টেস্টে নেতৃত্ব দেবেন স্টিভেন স্মিথ। সম্প্রতি পাঁচ সেঞ্চুরি করে ডাক পেয়েছেন মার্নাস লাবুশেন।
বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে বাদ পড়েছিলেন ৩১ বর্ষী লাবুশেন। পরে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে দরজা খুলে নিলেন অভিজ্ঞ ব্যাটার। প্রথম শ্রেণি ও লিস্ট ‘এ’ ক্রিকেট মিলিয়ে সবশেষ ৭ ম্যাচে ৮ ইনিংসে ৫টি সেঞ্চুরি করেছেন তিনি৷
হাঁটুর চোটে কামিন্স পার্থ টেস্টে খেলতে পারবেন না, জানা গিয়েছিল আগেই। তার অনুপস্থিতিতে স্মিথের উপর আসে নেতৃত্বভার। দলে নতুন মুখ ৩১ বর্ষী জ্যাক ওয়েদারল্ড। চলতি শেফিল্ড শিল্ডে শেষ ৬ ইনিংসে ৪১.৩৩ গড়ে তিন ফিফটি করেছেন এবং গত মৌসুমেও ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক।
পেস বোলিং অলরাউন্ডার হিসেবে ক্যামেরন গ্রিন ও বিউ ওয়েবস্টারকে রেখেছে অস্ট্রেলিয়া। সবশেষ ৪ টেস্টে দুজনই খেলেছেন।
অস্ট্রেলিয়ার প্রথম টেস্টের দল: স্টিভেন স্মিথ (অধিনায়ক), শন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), ব্রেন্ডন ডগেট, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্র্যাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদারল্ড ও বিউ ওয়েবস্টার।







