অস্ট্রেলিয়ায় ধুঁকে ধুঁকে দেড়শ পেরিয়ে অলআউট জ্যোতিরা
ওয়ানডে সিরিজ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজে প্রথমটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে আগে ব্যাটে নেমে ধুঁকেছে বাংলাদেশের মেয়েরা। শেষদিকে ঋতু মনি হাল ধরে দেশ পার করেন। অজিদের ১৬৭ রানের লক্ষ্য দিতে পেরেছে নিগার সুলতানা জ্যোতির দল।
ব্রিসবেনের অ্যালান বোর্ডার ফিল্ড স্টেডিয়ামে টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানান অজি অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রেথ। নেমে প্রথম থেকেই বেশ চাপে পড়ে জ্যোতির দল। ৪৯.৪ ওভারে অলআউটের সময় ১৬৬ রান সংগ্রহ করতে পারে বাংলাদেশ।
ওপেনিংয়ে নেমে রানের খাতা খোলার আগে সাজঘরে ফেরেন ফারজানা হক। ৪ রান করে ফেরেন শারমিন সুলতানা। শারমিন আক্তার ২৪, জ্যোতি ২৯ এবং স্বর্ণা আক্তার ২১ রান করেন। শেষদিকে ঋতু ৬৩ বলে ৪৫ রান করেন।
অজিদের হয়ে অ্যানাবেলা সাদারল্যান্ড ৪টি ও মেগান শুট ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নেন অ্যাশলি গার্ডনার, তাহলিয়া এবং জর্জিয়া ওয়্যারহাম।






