টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে গ্রুপ ‘১’র লড়াই জমিয়ে তুলেছে আফগানিস্তান। অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতে নিজেদের আশা বাঁচিয়ে রাখার পাশাপাশি অজিদের ঠেলে দিয়েছে খাদের কিনারায়ও। মিচেল মার্শের দল শেষ ম্যাচ খেলবে ভারতের বিপক্ষে। যে ম্যাচে ভুল করলে সেমির আগেই যাত্রা ইতি ঘটতে পারে অজিদের। তাতে অস্ট্রেলিয়া জিতবে বলেই আত্মবিশ্বাস মার্শের।
টিকে থাকতে জিততেই হবে, এমন পরিস্থিতি অস্ট্রেলিয়ার প্রথম নয়। মার্শ বলছেন, ‘আমাদের দলে এ বিষয়টি নিয়ে বেশ আত্মবিশ্বাস রয়েছে। আমরা বেশ ভালো ক্রিকেট খেলা একটি দল।’
‘হ্যাঁ, আমাদের একটি বাজে রাত গেছে, কিন্তু আমার ধারণা এখানে বেশকিছু ইতিবাচকতা রয়েছে। যদি এই দলের সংক্ষিপ্ত ইতিহাসের দিকে তাকান, জানি দলের খেলোয়াড়রা সেরাটা বের করে আনবে। সুতরাং, এ ম্যাচের পরীক্ষায় আমরা পার হয়ে যাব।’
সুপার এইটে শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার প্রতিপক্ষ ভারত। ২৪ জুন গ্রস আইলেটে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় শুরু হবে খেলা। অস্ট্রেলিয়ার এই ম্যাচ জয়ের পরও নানান সমীকরণের দিকে তাকিয়ে থাকতে হতে পারে। নজর রাখতে হতে পারে বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচের দিকে।








