পটুয়াখালীতে গ্রামীণ ব্যাংকে অগ্নিসংযোগের চেষ্টা চালিয়েছে একদল দুর্বৃত্ত। রোববার (১৭ নভেম্বর) রাতে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের পাশে অবস্থিত সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ডিবুয়াপুর গ্রামীণ ব্যাংক শাখার পরিত্যক্ত গেটে আগুন ধরিয়ে দেয় তারা।
শাখার ভেতরে অবস্থানরত কর্মকর্তারা দ্রুত গিয়ে পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলেন।
শাখা ম্যানেজারের বরাত দিয়ে অফিস সহকারি শেখ বাহাউদ্দিন জানায়, রাত সাড়ে ১২টার দিকে ব্যাংকের ভবনের গেটে আগুন দিয়ে দুর্বৃত্তরা পালিয়ে যায়। এসময় টের পেয়ে ব্যাংকে অবস্থানরত ম্যানেজার, নৈশ প্রহরী ও দুই কর্মকর্তা দ্রুত এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলে। আগুনে গেটে থাকা একটি পাম্প মেশিন পুড়ে যাওয়া ছাড়া তেমন ক্ষয়ক্ষতি হয়নি।
ঘটনার পর ঐ ব্যাংকসহ জেলায় গ্রামীণ ব্যাংকের সকল শাখায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।








