মতামত

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সঙ্গে প্রহসনের শেষ কোথায়?

ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করে রাষ্ট্র কখনো সুস্থ অর্থনীতি গড়ে তুলতে পারে না

পুঁজিবাজারে বিনিয়োগকারীদের সঙ্গে প্রহসনের শেষ কোথায়?

দেশের পুঁজিবাজারে ক্ষুদ্র বিনিয়োগকারীদের দুর্ভোগ যেন কিছুতেই শেষ হচ্ছে না। একদিকে শেয়ারের দরপতন, অন্যদিকে কোম্পানিগুলোর নামমাত্র লভ্যাংশ ঘোষণা—সব মিলিয়ে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে হতাশা ও ক্ষোভ ক্রমেই বাড়ছে। সর্বশেষ কালবেলায় প্রকাশিত প্রতিবেদনে দেখা গেছে, কিছু তালিকাভুক্ত কোম্পানি ১০ টাকা অভিহিত মূল্যের শেয়ারের বিপরীতে মাত্র ১ পয়সা লভ্যাংশ ঘোষণা করেছে। অর্থাৎ একজন বিনিয়োগকারীর কাছে এক হাজার শেয়ার থাকলেও বছর শেষে তিনি পাচ্ছেন মাত্র ১০ টাকা!

প্রশ্ন হচ্ছে, এ ধরনের লভ্যাংশ দিয়ে বিনিয়োগকারীদের কী উপকার হচ্ছে? বরং শেয়ার ধরে রাখতে বিও হিসাবের রক্ষণাবেক্ষণ, ব্যাংক হিসাব ও অন্যান্য পরিচালন ব্যয় বহন করতে গিয়ে বিনিয়োগকারীদের লোকসান আরও বাড়ছে।

পুঁজিবাজারের উদ্দেশ্য শুধু কোম্পানির মূলধন সংগ্রহ নয়; সাধারণ মানুষের সঞ্চয়কে উৎপাদনশীল বিনিয়োগে যুক্ত করা এবং বিনিয়োগের ন্যায্য সুফল নিশ্চিত করাও এর অন্যতম লক্ষ্য। কিন্তু যখন কোম্পানিগুলো বিনিয়োগকারীদের স্বার্থ উপেক্ষা করে, নিয়ন্ত্রক সংস্থার নজরদারি দুর্বল থাকে এবং বাজারে স্বচ্ছতা ও জবাবদিহির ঘাটতি দেখা দেয়, তখন সাধারণ মানুষ পুঁজিবাজারের ওপর আস্থা হারাতে বাধ্য হয়।

আরও উদ্বেগজনক বিষয় হলো, কিছু কোম্পানি ‘জেড’ ক্যাটাগরিতে যাওয়ার বিধিনিষেধ এড়াতে নামমাত্র লভ্যাংশ ঘোষণা করছে বলে বাজারসংশ্লিষ্টদের অভিযোগ রয়েছে। যদি এ প্রবণতা সত্য হয়, তাহলে সেটি পুঁজিবাজারের নিয়ন্ত্রণব্যবস্থার একটি বড় দুর্বলতা। কেবল সামান্য লভ্যাংশ ঘোষণা করলেই একটি কোম্পানির আর্থিক সক্ষমতা বা বিনিয়োগকারীদের প্রতি দায়িত্বশীলতা প্রমাণিত হয় না। কোম্পানির প্রকৃত আয়, ব্যয়, মুনাফা, সম্পদ ও আর্থিক প্রতিবেদন যথাযথভাবে নিরীক্ষা করা জরুরি।

এখানে একটি মৌলিক প্রশ্ন রয়েছে—কোম্পানি লাভ করবে, পরিচালকেরা বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা গ্রহণ করবেন, অথচ যাদের অর্থে কোম্পানির মূলধন গঠিত হয়েছে, সেই শেয়ারহোল্ডাররা সামান্য লভ্যাংশ থেকেও বঞ্চিত হবেন কেন? অবশ্য কোম্পানির মুনাফা হলেই পুরো মুনাফা লভ্যাংশ হিসেবে বিতরণ করতে হবে, এমন নয়। ব্যবসা সম্প্রসারণ, ঋণ পরিশোধ ও ভবিষ্যৎ বিনিয়োগের জন্য মুনাফার একটি অংশ সংরক্ষণ করা যৌক্তিক। কিন্তু পর্যাপ্ত মুনাফা থাকা সত্ত্বেও বিনিয়োগকারীদের ন্যায্য অধিকার উপেক্ষা করার সুযোগও থাকা উচিত নয়।

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন ক্ষুদ্র ও সাধারণ বিনিয়োগকারীরা। অনেকেই জীবনের সঞ্চয়, অবসরকালীন অর্থ কিংবা পরিবারের ভবিষ্যৎ নিরাপত্তার কথা চিন্তা করে পুঁজিবাজারে বিনিয়োগ করেছেন। তাদের জন্য শেয়ারবাজার শুধু অর্থ উপার্জনের জায়গা নয়, অনেক ক্ষেত্রে এটি পরিবারের স্বপ্ন ও আর্থিক নিরাপত্তার সঙ্গে জড়িত। সেই মানুষগুলো যদি দিনের পর দিন লোকসান, অনিয়ম ও অব্যবস্থাপনার শিকার হন, তাহলে তাঁদের দায় কে নেবে?

রাষ্ট্রের নীতিনির্ধারকদের উপলব্ধি করা প্রয়োজন, ক্ষুদ্র বিনিয়োগকারীদের নিঃস্ব করে বৃহত্তর একটি জনগোষ্ঠীকে আর্থিক অনিশ্চয়তা ও হতাশার দিকে ঠেলে দিয়ে কোনোভাবেই দেশের অর্থনীতি উপকৃত হবে না। বরং এর ফলে মানুষের সঞ্চয় বিনিয়োগ থেকে দূরে সরে যাবে, পুঁজিবাজারে নতুন বিনিয়োগ কমবে এবং দীর্ঘমেয়াদে শিল্পায়ন ও কর্মসংস্থানও ক্ষতিগ্রস্ত হতে পারে।

এ অবস্থায় প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি), ঢাকা স্টক এক্সচেঞ্জ এবং জাতীয় রাজস্ব বোর্ডসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের জরুরি ভিত্তিতে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।

প্রথমত, তালিকাভুক্ত কোম্পানিগুলোর আর্থিক প্রতিবেদন ও প্রকৃত মুনাফা যাচাইয়ে কঠোর নিরীক্ষা নিশ্চিত করতে হবে। দ্বিতীয়ত, পর্যাপ্ত মুনাফা থাকা সত্ত্বেও অস্বাভাবিক কম লভ্যাংশ ঘোষণা করলে তার যৌক্তিকতা প্রকাশের বাধ্যবাধকতা থাকা প্রয়োজন। তৃতীয়ত, কোম্পানির পরিচালকদের বেতন-ভাতা, সংশ্লিষ্ট পক্ষের লেনদেন এবং অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। চতুর্থত, দুর্বল ও অনিয়মে জড়িত কোম্পানিগুলোর বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে বাজার কারসাজি, গুজব, ইনসাইডার ট্রেডিং এবং বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।

পাশাপাশি ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ সুরক্ষায় একটি কার্যকর অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা, বিনিয়োগকারী ক্ষতিপূরণ কাঠামো এবং বাজার তদারকির জবাবদিহিমূলক ব্যবস্থা গড়ে তোলা জরুরি।

আমরা মনে করি, পুঁজিবাজারকে কোনো বিশেষ গোষ্ঠীর সম্পদ আহরণ ও মুনাফা অর্জনের ক্ষেত্র হিসেবে পরিচালিত হতে দেওয়া যায় না। এটি হতে হবে স্বচ্ছতা, ন্যায়বিচার, জবাবদিহি ও বিনিয়োগকারীদের আস্থার ভিত্তিতে পরিচালিত একটি শক্তিশালী আর্থিক প্রতিষ্ঠান।

সরকারের কাছে প্রশ্ন—যে সাধারণ মানুষ নিজের কষ্টার্জিত অর্থ দেশের শিল্প ও ব্যবসায় বিনিয়োগ করে অর্থনীতিতে ভূমিকা রাখতে চেয়েছেন, তাঁদের সুরক্ষার দায়িত্ব কে নেবে? তাদের সঞ্চয় রক্ষায় রাষ্ট্র কতটা দায়িত্বশীল?

মনে রাখতে হবে, পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা একবার নষ্ট হলে তা ফিরিয়ে আনা সহজ নয়। ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা করা কোনো অনুগ্রহ নয়, এটি একটি দায়িত্বশীল ও বিনিয়োগবান্ধব রাষ্ট্রের অন্যতম কর্তব্য।

পুঁজিবাজারে অনিয়ম ও বিনিয়োগকারীদের সঙ্গে প্রহসনের অবসান হোক। সাধারণ বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখনই কার্যকর উদ্যোগ গ্রহণ করুক।

(এই বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই–এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে।)

বিষয়:অর্থ মন্ত্রণালয় পুঁজিবাজারে অনিয়ম বিনিয়োগকারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…