আন্তর্জাতিক

মার্কিন নারী সাংবাদিককে পিটিয়ে গুরুতর জখম, ইসরায়েলের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র

মার্কিন নারী সাংবাদিককে পিটিয়ে গুরুতর জখম, ইসরায়েলের ওপর ক্ষুব্ধ যুক্তরাষ্ট্র
অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অধিকৃত পশ্চিম তীরে মার্কিন সাংবাদিক হেইডি লেভিনের ওপর হামলার ঘটনায় ইসরায়েলি বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র। হামলায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার, বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এ ধরনের হামলা বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা।

আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি নারী আলোকচিত্রী লেভিনের ওপর হামলাকে ‘মুখোশধারী কাপুরুষদের সংঘটিত ঘৃণ্য সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেন।

ছবি: মাইক হাকাবি (সংগৃহীত)

হাকাবি বলেন, নিরস্ত্র সাংবাদিকের ওপর হামলাকারীদের বছরের পর বছর কারাগারে থাকা উচিত। তিনি ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে তাদের বিচার নিশ্চিত করার দাবি জানান।

একই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র দপ্তর খোঁজ নিয়েছে। জেরুজালেমে অবস্থিত মার্কিন দূতাবাসের কাছ থেকে আরও তথ্য পাওয়ার আশা করছেন তিনি।

রুবিও বলেন, ‘যা ঘটছে, তা দেখে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। এ ধরনের ঘটনা প্রতিরোধে আমরা ইসরায়েলকে কঠোর পদক্ষেপ নিতে বলেছি এবং এখনো বলে যাচ্ছি।’

শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বার্ষিক জলপাই সংগ্রহের খবর সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হন দ্য ওয়াশিংটন পোস্ট-এর ৬৪ বছর বয়সী আলোকচিত্রী হেইডি লেভিন। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, আবু ফালাহ এলাকায় কয়েকজন ইসরায়েলি বসতি স্থাপনকারী তাকে মারধর করেন। এ সময় কয়েকজন ফিলিস্তিনির ওপরও হামলা চালানো হয়। লেভিনের পাসপোর্ট, মুঠোফোন, মানিব্যাগ ও আলোকচিত্র ধারণের সরঞ্জামও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

লেভিন জানান, হামলাকারীরা প্রায় ১০ মিনিট ধরে তাকে লাথি মারেন। তিনি ক্যামেরা ও ব্যাগ রক্ষা করার চেষ্টা করছিলেন।

হামলার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। লেভিনের মেয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে জানান, তার একটি আঙুল প্রায় বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল এবং অস্ত্রোপচার করতে হয়েছে। এ ছাড়া তার একটি পাঁজরের হাড় ও মেরুদণ্ডের একাধিক কশেরুকা ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত পেয়েছেন তিনি।

এ ঘটনায় হামলাকারীদের জবাবদিহির আওতায় আনা এবং অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সহিংসতা ঠেকাতে ইসরায়েলের কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জোরালো হয়েছে।

বিষয়:অধিকৃত পশ্চিম তীর মার্কিন সাংবাদিক মার্কিন সাংবাদিক হেইডি লেভিন মার্কো রুবিও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…