সিয়েরালিওনে সেনাছাউনি ও কারাগারে বিদ্রোহী সেনাদের হামলায় এই পর্যন্ত কমপক্ষে ২০ জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন সেনা রয়েছেন।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, গতকাল (২৭ নভেম্বর) সোমবার সিয়েরা লিওনের সেনাবাহিনীর একজন মুখপাত্র দেশটির রাজধানী ফ্রি টাউনে সেনা চৌকি ও কারাগারগুলোতে রোববার বিদ্রোহী সেনাদের দিনভর সিরিজ হামলা চালানোর কথা নিশ্চিত করেছেন।
ওই দিন দেশটির পাডেম্বা রোড কেন্দ্রীয় কারাগারে হামলার পর সেখান থেকে প্রায় ১ হাজার ৮শ’ ৯০ বন্দী পালিয়ে গেছেন। যারা পালিয়ে গেছেন, তাদের কারাগারে ফিরে আসার আহ্বান জানিয়েছে পুলিশ। হামলাকারীরা একটি রকেট লঞ্চার দিয়ে কারাফটক ভেঙে ফেলার চেষ্টা করেন।
দেশটির গত জুনের বিতর্কিত নির্বাচনে পুনরায় নির্বাচিত হয়েছেন সিয়েরা লিওনের প্রেসিডেন্ট জুলিয়াস মাদা বিও। এরপর ভোট কারচুপির অভিযোগ তুলে নির্বাচনের ফলাফল বর্জন করে প্রধান বিরোধী দল। তারপর থেকেই অস্থিরতা চলছে আফ্রিকার এই দেশটিতে।
দেশটির প্রেসিডেন্ট জুলিয়াস মাডা বায়ো বলেন, সহিংস হামলায় জড়িত বেশিরভাগ সামরিক নেতাদের আটক করা হয়েছে। অন্যদেরও ধরার চেষ্টা চলছে।








