এশিয়ান গেমস কাবাডির মেয়েদের ইভেন্টে নিজেদের প্রথম ম্যাচে নেপালের সঙ্গে জয় পায়নি বাংলাদেশ। হাংজুর কাবাডি কোর্টে সোমবার বাংলাদেশকে ৩৭-২৪ পয়েন্টে হারিয়েছে হিমালয়ের দেশটি।
ম্যাচে আধিপত্য দেখিয়েছে নেপাল। প্রায় প্রতিটি রেইডে বাংলাদেশের কাছ থেকে পয়েন্ট নিয়েছে। প্রথমার্ধেই ছিটকে যায় লাল-সবুজের দলটি। ম্যাচে সময় গড়ানোর সঙ্গে হার ছিল শুধু অপেক্ষার। তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি বাংলাদেশ।
এই ম্যাচে জয়ে সেমিফাইনাল ও ব্রোঞ্জ জয়ের সুযোগ অনেকটা বেড়ে গেছে নেপালী মেয়েদের। ১৯তম এশিয়ান গেমসে গ্রুপ ‘এ’তে আছে চার দল ও গ্রুপ ‘বি’তে দুই দল। বাংলাদেশ পড়েছে ইরান ও নেপালের সঙ্গে ‘বি’ গ্রুপে। দুই গ্রুপ থেকে সেরা দুদল খেলবে সেমিফাইনাল।
গ্রুপ ‘এ’তে ভারত, চাইনিজ তাইপে, থাইল্যান্ড ও সাউথ কোরিয়া। এশিয়ান গেমসের কাবাডির নিয়ম অনুযায়ী সেমিফাইনালে উঠলেই ব্রোঞ্জ পদক নিশ্চিত করবে কোনো দল। বাংলাদেশ সহজ গ্রুপে পড়ায় বাংলাদেশেরও দারুণ সুযোগ ছিল সেমিতে উঠে অন্তত একটি পদক আনার।







